বিএনপি কাছে ক্ষমতা হলো ভোট চুরি করা: ওবায়দুল কাদের

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৯:১১

আওয়ামী লীগ জনগণের রাজনীতি করে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগের কাছে ক্ষমতা হলো বিপদে মানুষের পাশে থাকা। বিএনপি ক্ষমতা ও পকেটের রাজনীতি করে। বিএনপি কাছে ক্ষমতা হলো ভোট চুরি করা। আওয়ামী লীগ ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্রের শিকার হয়েছে বারবার। আওয়ামী লীগ জনগণের উন্নয়ন করে, বিএনপি করে পকেটের উন্নয়ন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের প্রসঙ্গ তুলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আগুন কারা লাগাচ্ছে, তার খোঁজ-খবর নেওয়া হচ্ছে। তদন্ত করা হচ্ছে, বের করা হবে কোথা থেকে আগুন লাগানো হচ্ছে। আগুন লাগানোর অভ্যাস (২০১৩-২০১৪) বিএনপির রয়েছে। লজ্জা শরম থাকলে তারা আগুনের দোষ আওয়ামী লীগের ওপর চাপাতো না। আওয়ামী লীগ আগুন নিয়ে খেলে না, কোনও সন্ত্রাসে বিশ্বাস করে না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিএনপি বিত্তবানদের নিয়ে ইফতার করেছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ ইফতার বিতরণ করছে সাধারণ মানুষের মাঝে। বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য এখানেই। এটাই খালেদা জিয়ার সঙ্গে শেখ হাসিনার পার্থক্য।’ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ফাঁসি দিয়ে অনেক সেনা সদস্যকে হত্যা করেছে বলেও অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম প্রমুখ।

ইত্তেফাক/এমএএম