২৯০ টাকা কেজি গরুর মাংস

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ০৭:৩১

২৯০ টাকা কেজি গরুর মাংস, ৮০ টাকা কেজি পোলাও চাল, ১২০ টাকা লিটার সয়াবিন তেল, ৪৫ টাকায় চিনি! আর এই পণ্য কিনলে উপহার মিলছে সেমাই, কিশমিশ, বাদাম, গুঁড়াদুধ, মাংসের মসলা! এমনই বাজার খুলেছিল যশোরের আইডিয়া সমাজকল্যাণ সংস্থা। ‘মধ্যবিত্তের ঈদবাজার’ নাম দিয়ে এভাবেই মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তের পাশে দাঁড়িয়েছে আইডিয়া সমাজ কল্যাণ সংস্থা। এখানে বাজারের মোট ১ হাজার ২৭০ টাকার পণ্য এক জন ক্রেতা কিনেছেন মাত্র ৫৩৫ টাকায়।

রমজানের এক মাস সফলভাবে ‘লস প্রজেক্ট’ শেষ করার পর ঈদের আনন্দ ছড়িয়ে দিতে স্থাপন করা হয় এ ঈদবাজার। মঙ্গলবার যশোর শহরের খড়কি এলাকায় আইডিয়া সমাজ কল্যাণ সংস্থা চত্বরে বসেছিল ব্যতিক্রমী এই ‘মধ্যবিত্তের ঈদবাজার’। রমজানে অর্ধেকেরও কম মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা পরিবারগুলোসহ মোট ৫৫৭টি পরিবার এই ঈদেরবাজার করেছে।

আইডিয়া থেকে ঈদবাজার করতে আসা খড়কি রেললাইন এলাকার বৃদ্ধ আমেনা বেগম বলেন, ‘স্বামী নেই। ছেলেরা ঠিকমতো দেখে না। কবে গরুর গোস্ত খাইছি মনে নেই। ঈদির দিন গরুর গোস্ত খাতি পারব। অল্প টাকায় দেচ্চে বইলে কিনতি পারিসি।’

আয়োজকরা জানান, যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া সমাজকল্যাণ সংস্থা রমজান মাসব্যাপী ‘আইডিয়া-সানাবিল লস প্রজেক্ট’-এর আওতায় ৫৫৭টি মধ্যবিত্ত পরিবারের কাছে নিত্যপ্রয়োজনীয় ৯টি পণ্য বাজারদরের অর্ধেক মূল্যে বিক্রি করেছে; ৪র্থ সপ্তাহে এসে ‘মধ্যবিত্তের ঈদবাজার’ এর মধ্য দিয়ে সফল সমাপ্তি ঘটল এ প্রকল্পের।

‘মানবকল্যাণে আমরা ঠকতে চাই’—এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের বসানো ভিন্নধর্মী এই বাজার দেখতে মঙ্গলবার দুপুরে সেখানে যান যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক রফিকুল হাসানসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

আইডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক মো. হামিদুল হক শাহীন বলেন, একঝাঁক শিক্ষার্থী যোগ হয়ে মাসব্যাপী মানবকল্যাণে ঠকতে চাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল। সেখানে যুক্ত হয়েছিলেন নানান বিত্তবান ও চিত্তবান মহত্ মানুষ।’

বাজার পরিচালনায় উপস্থিত ছিলেন আইডিয়া সমাজকল্যাণ সংস্থার যুগ্ম-সম্পাদক জান্নাতুল ফেরদৌস, আইডিয়া যুব উন্নয়ন কেন্দ্রের সভাপতি তানজিয়া জাহান, আইডিয়া স্পোকেনের কো-অর্ডিনেটর নাবিলা সুলতানা, ভার্চুয়াল প্ল্যাটফরম উইনির সিইও মল্লিকা আফরোজসহ আইডিয়ার স্বেচ্ছাসেবকবৃন্দ।

 

ইত্তেফাক/ইআ