সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ায় লিগে (আইপিএল) অভিষেক হয় শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেক হয় তার। অর্জুনের বোলিংয়ে বিশ্লেষণ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ।
আইপিএলে নিজের প্রথম ম্যাচে মাত্র ২ ওভার বোলিং করার সুযোগ পান অর্জুন। ২ ওভারে ১৮ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। এরপর সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলেন অর্জুন। এই ম্যাচে প্রথম উইকেটের দেখা পান তিনি। ২ ওভার ৫ বল করে ১৮ রান খরচায় নেন ১টি উইকেট।
এই ম্যাচে শেষ ওভারে বোলিংয়ে এসে বেশকিছু ইয়র্কার ডেলিভেরি করেন অর্জুন। যা বেশ নজর কাড়ে। তবে অর্জুনের বোলিংয়ে বেশকিছু ঘাটতি দেখতে পেয়েছেন রশিদ লতিফ।
আইপিএলে ঘণ্টায় গড়ে ১২৫ থেকে ১৩০ কিলোমিটার গতিতে বল করতে দেখা গেছে অর্জুনকে। আর এখানেই ঘাটতি দেখছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘অর্জুন ক্যারিয়ারে শুরুর দিকে আছে। তাকে কঠোর পরিশ্রম করতে হবে। অর্জুনের ‘অ্যালাইনমেন্ট’ খুব একটা ভালো নয়, এ জন্য সে বেশি গতি তুলতে পারছে না।’
কীভাবে গতি বাড়াতে পারবেন অর্জুন সেই পরামর্শও দিয়েছেন রশিদ। তিনি আরও বলেন, ‘যদি ভালো কোনো বায়োমেকানিক্যাল বিশেষজ্ঞের পরামর্শ সে পায়, তাহলে তার গতি আরও বাড়তে পারে। বোলিংয়ের সময় ভিত্তিটা শক্তিশালী হওয়া প্রয়োজন। বোলিংয়ের সময়ে অর্জুন যখন ল্যান্ড করছে, সে ভেতরে আসার বদলে বাইরের দিকে সরে যায়। তার শারীরিক ভারসাম্য ঠিক নেই, যার প্রভাব পড়ছে গতিতে।’
