খাদ্যসামগ্রী, বই নিয়ে বিদ্যানন্দে প্রণয় ভার্মা

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ২০:২৪

রমজান মাস ও ঈদ উৎসব সামনে রেখে রাজধানীর পল্লবীতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের মূল কার্যালয় পরিদর্শন করেছেন ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। এ সময় হাই কমিশনারের সঙ্গে ছিলেন তার স্ত্রী মনু ভার্মাও। বৃহস্পতিবার (২০ এপ্রিল) হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিদর্শনের সময় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাদ্যসামগ্রী, বই ও উপহার হস্তান্তর করেন প্রণয় ভার্মা। হাই কমিশনারের সঙ্গে ছিলেন তার স্ত্রী মনু ভার্মাও।

‘মানবতার মর্ম, সহানুভূতি ও একে অপরের প্রতি সহযোগিতাকে’ ঈদ উৎসবের মূল বার্তা হিসেবে বক্তব্যে তুলে ধরেন প্রণয় ভার্মা। তিনি সুবিধাবঞ্চিত শিশুদের জীবনযাত্রার উন্নয়নে বিদ্যানন্দ ফাউন্ডেশনের নিষ্ঠা ও অঙ্গীকারের প্রশংসা করেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ‘যৌথ আত্মত্যাগের ভিত্তিতে প্রতিষ্ঠিত’ ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব সম্পর্কে আরও জানতে শিশুদের উৎসাহিত করেন হাই কমিশনার।

ভারতীয় হাই কমিশন এই শিশুদের জন্য একটি উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যত বিনির্মাণে আগামীতে এ ফাউন্ডেশনকে অব্যাহতভাবে সহযোগিতা দিয়ে যাবে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। 

ইত্তেফাক/এএএম