যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১৪:২৩

নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় শুক্রবার উদযাপিত হলো মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। নিউইয়র্কের বিভিন্ন মসজিদ ও কমিউনিটি সেন্টারে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়।

প্রতিটি ঈদের জামাতে মুসল্লিদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ঈদের জামাত শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউইয়র্কে প্রতিবছর সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় কুইন্সের জ্যামাইকা মুসলিম সেন্টারের (জেএমসি) উদ্যোগে টমাস এডিসন স্কুল মাঠে। এখানে আনুমানিক ১০ হাজার মুসল্লি একসঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করে থাকেন। নামাজে ইমামতি করেন জেএমসির খতিব ও পেশ ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ। খুতবা পাঠ করেন জেএমসির ইমাম শামসে আলী।

নামাজের আগে শুভেচ্ছা বিনিময় করেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম, কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস, ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাটজ, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি সদস্য ডেভিড ওয়েপ্রিন ও এলিসিয়া হাইন্ডম্যান, ম্যানহাটন কাউন্টি জজ অ্যাটর্নি সোমা সাঈদ, কাউন্সিল সদস্য জেমস এফ. জেনারো, জেএমসির প্রেসিডেন্ট ড. সিদ্দিকুর রহমান, জেনারেল সেক্রেটারি আফতাব মান্নান প্রমুখ।

নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদ, নর্থ ব্রঙ্কস জামে মসজিদ, ওজন পার্কে মসজিদ আল আমান, এস্টোরিয়ায় আল আমিন মসজিদ, আরাফা ইসলামিক সেন্টার, ব্রুকলিনে বাংলাদেশ মুসলিম সেন্টার, বায়তুল জান্নাহ মসজিদ এবং এলমহার্স্টের বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

এদিকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি, পার্শ্ববর্তী মেরিল্যান্ড ও ভার্জিনিয়া রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। দীর্ঘ প্রায় এক মাস সিয়াম সাধনার পর শুক্রবার ভোর থেকেই বৃহত্তর ওয়াশিংটন প্রবাসী বাংলাদেশিসহ মুসলিম সম্প্রদায় সপরিবারে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। নামাজ আদায় শেষে সবাই আনন্দ-আলিঙ্গনে একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করেন।

যুক্তরাষ্ট্র প্রবাসীদের ঘরে ঘরে চলছে ঈদের আনন্দ ও কুশল বিনিময়। নানা রঙের নতুন নতুন কাপড় পরে পবিত্র নামাজ শেষে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের বাসায় বাসায় হাজির হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। ছোট ছোট ছেলে-মেয়েরা ঈদের সালামি আদায়ে ছিল দিনভর ব্যস্ত।

নিউইয়র্ক, ওয়াশিংটন, ভার্জিনিয়া ও মেরিল্যান্ড ছাড়াও প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত নিউজার্সি, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, পেনসিলভেনিয়া, ফ্লোরিডা, মিশিগান ও ক্যালিফোর্নিয়া রাজ্যেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ইত্তেফাক/এসকে