এক আগুনে ৩৪ ব্যবসায়ীর আয়ের উৎস শেষ!

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১২:৫১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আগুন লেগে ৩৪ দোকান পুড়ে গেছে। এ ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

 উপজেলার ঘাঘর বাজারের বেপারীপট্টিতে শনিবার (২২ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

কোটালীপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, রাতে বেপারীপট্টির মহিউদ্দিন তালুকদারের হোমিও ওষুধের দোকানে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট স্বেচ্ছাসেবী সংগঠন জ্ঞানের আলো পাঠাগার ও ঘাঘর বাজারের ব্যবসায়ীদের সহযোগিতায় প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

কোটালীপাড়ার ঘাঘর বাজারের বেপারীপট্টিতে অগ্নিকাণ্ড। ছবি: ইত্তেফাক

ঘাঘর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেন, এই অগ্নিকাণ্ডে ৩৪ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছেন। আমি এই ব্যবসায়ীদের ব্যাংক লোন মওকুফসহ নতুন করে লোন দেওয়ার দাবি জানাচ্ছি।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের পর জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এছাড়া রোববার (২৩ এপ্রিল) সকালে অগ্নিকাণ্ডে নিয়োজিত স্বেচ্ছাসেবীদের মাঝে খাবার ওষুধ বিতরণ করেছে মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশন।

ইত্তেফাক/আরএজে