কেনিয়ার জঙ্গল থেকে ২১ জনের লাশ উদ্ধার

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১৬:৪৫

কেনিয়ার উপকূলীয় শহর মালিন্দির কাছে ২১টি লাশ উদ্ধার করেছে কেনিয়ার পুলিশ। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে, আশঙ্কা করা হচ্ছে আরও লাশ পাওয়া যাবে। পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, কবরগুলো শাকাহোলা ফরেস্টে অবস্থিত, যেখানে গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চের ১৫ জন সদস্যকে গত সপ্তাহে উদ্ধার করা হয়েছিল। ধর্মপ্রচারক পল ম্যাকেঞ্জি এনথেং পুলিশ হেফাজতে রয়েছেন। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কেবিসি তাকে 'কাল্ট লিডার' হিসেবে আখ্যায়িত করেছে।

কেনিয়ার উপকূলীয় শহর মালিন্দির কাছে ২১টি লাশ উদ্ধার করেছে কেনিয়ার পুলিশ।

এ পর্যন্ত ৫৮টি কবর শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। অনুসন্ধানে জানা গেছে, পল ম্যাকেঞ্জি এনথেঞ্জ নামে এক ধর্মপ্রচারক অনাহারে অনুসারীদের মৃত্যুর কথা বলেছিলেন। তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

পল ম্যাকেঞ্জি জোর দিয়ে বলেছেন, তিনি ২০১৯ সালে তার গির্জাটি বন্ধ করে দিয়েছিলেন। তিনি অনুসারীদের যীশুর সঙ্গে দেখা করার জন্য অনাহারে থাকতে বলেছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ পর্যন্ত ৫৮টি কবর শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে।

কেনিয়ার দৈনিক দ্য স্ট্যান্ডার্ড জানিয়েছে, প্যাথলজিস্টরা ডিএনএ নমুনা নেবেন এবং নিহতরা অনাহারে মারা গেছেন কিনা তা নির্ধারণের জন্য সেগুলো পরীক্ষা করবেন। ১৫ এপ্রিল পুলিশ চারজনের মৃতদেহ উদ্ধারের পর পল ম্যাকেঞ্জিকে গ্রেফতার করে পুলিশ।

মালিন্দি সোশ্যাল জাস্টিস সেন্টারের ভিক্টর কাউদো সিটিজেন টিভিকে বলেন, 'আমরা যখন এই জঙ্গলে গিয়েছিলাম এবং এমন একটি এলাকায় পৌঁছেছিলাম যেখানে আমরা একটি বড় ও লম্বা ক্রস দেখতে পেয়েছিলাম। তখন আমরা বুঝতে পারি, সেখানে পাঁচজনেরও বেশি লোককে দাফন করা হয়েছে।'

পল ম্যাকেঞ্জি

দ্য স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়, ধর্মপ্রচারক পল ম্যাকেঞ্জি উপবাসের আগে নাসরত, বেথলেহেম ও যিহূদিয়া এই তিনটি গ্রামের অনুসারীদের পুকুরে বাপ্তিস্ম দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। কেনিয়া একটি ধর্মীয় দেশ এবং এর আগেও এমন ঘটনা ঘটেছে যেখানে মানুষকে ধর্মের নামে বিপজ্জনক, অনিয়ন্ত্রিত গির্জা বা সম্প্রদায়গুলোতে প্রলুব্ধ করা হয়েছে।

ইত্তেফাক/ডিএস