আবদুল হামিদের অপেক্ষায় নিকুঞ্জের ‘রাষ্ট্রপতি লজ’

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১১:৩১

বঙ্গভবন ছেড়ে আবদুল হামিদ উঠবেন রাজধানীর নিকুঞ্জের ৬ লেক ড্রাইভ রোডের তার নিজের বাড়িতে। নিরাপত্তা, আসবাবপত্র, সিসিটিভিসহ সব প্রস্তুতি রাখা হয়েছে এ বাসায়। যা এখন তার অপেক্ষায়। 

পারিবারিক সূত্র জানিয়েছে, নিকুঞ্জ-১ এর ক-ব্লকের ৩ নম্বর রোডের এই বাসা নতুন ঠিকানা হবে আবদুল হামিদের। সেখানে এরই মধ্যে পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র ও অন্যান্য সামগ্রী স্থানান্তর করা হয়েছে। সেই সঙ্গে নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, আবদুল হামিদ মেয়াদ শেষে নিকুঞ্জের বাসায় উঠবেন। নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের পর বঙ্গভবনে তার বিদায় অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানের শেষে তাকে সর্বোচ্চ সম্মান ও রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী নিকুঞ্জের বাসায় নিয়ে যাওয়া হবে।

নিকুঞ্জ-১ আবাসিক এলাকায় এরইমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে বাইরের মানুষের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে।

১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নিকুঞ্জ-১ আবাসিক এলাকার দুই নম্বর সড়কে তিন কাঠা জমি পান আবদুল হামিদ। ২০০০ সালের শেষ দিকে সেখানে বাড়ির কাজ শুরু করেন। কয়েক বছর কাজ শেষে তৈরি হয় তিনতলা বাড়ি।

ইত্তেফাক/কেকে