আইপিএলের চলতি আসরের ৩৫তম ম্যাচে মঙ্গলবার (২৫ এপ্রিল) গুজরাটের মুখোমুখি হয়েছিলো মুম্বাই ইন্ডিয়ান্স। এদিন দুই আফগান স্পিনারের ঘূর্ণিতে ৫৫ রানের বড় ব্যবধানে হেরেছে রোহিত শর্মার দল। দুর্দান্ত এ জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স।
টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতে বেশ চাপে পরে পান্ডিয়ার দল। তবে ঘুরে দাঁড়াতে মোটেও সময় নেয়নি তারা। সুবমান গিলের অর্ধশতক এবং মিলার ও মানোহারের ঝোড়ো ইনিংসের ওপর ভর করে ২০৭ রানের বিশাল পুঁজি পায় গুজরাট। গিল করেন দলীয় সর্বোচ্চ ৫৬ রান। আর মিলার ও মানোহারের ব্যাট থেকে আসে যথাক্রমে ৪৬ ও ৪২। মুম্বাইয়ের হয়ে পিয়ুশ চাওলা নেন ২ উইকেট।
গুজরাটের দেওয়া ২০৭ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে মুম্বাই। মাত্র ৫৯ রানে ৫ উইকেট হারিয়ে বেশ বিপাকে পরে রোহিত শর্মার দল। গুজরাটের রশিদ খানের পাশাপাশি এদিন জ্বলে ওঠেন আরেক আফগান স্পিনার নুর আহমেদ। ৩৭ রানের খরচায় নুর আহমেদ নেন ৩ উইকেট। অন্যদিকে রশিদ খান পান ২ উইকেট। এ ছাড়া মোহিত শর্মা পেয়েছেন দুই উইকেট। ফলে শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫২ রানের বেশি করতে পারেনি মুম্বাই।
আজ বুধবার (২৬ এপ্রিল) দিনের একমাত্র ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে লিটন দাসের কলকাতা নাইট রাইডার্স।
