যশোরের বেনাপোলে অবৈধ অস্ত্রসহ চরমপন্থী সংগঠনের ২ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার (২৬ এপ্রিল) ভোরে উপজেলার ধান্যখোলা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার ধান্যখোলা উত্তরপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে আতিয়ার রহমান (৩০) ও ধান্যখোলা দক্ষিণপাড়ার আইয়ুব আলীর ছেলে মহিদুল ইসলাম (৪০)।
জানা যায়, সম্প্রতি যশোরের অভয়নগর, মনিরামপুর ও খুলনার বিভিন্ন অঞ্চলে কথিত চরমপন্থী সংগঠন ‘নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি’ ও ‘পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি’ এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজির জন্য কয়েকটি হত্যাকাণ্ড করে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে ধান্যখোলা গ্রামে অভিযান চালিয়ে ২ চরমপন্থী সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড গুলি ও তাদের ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে- ভারতে অবস্থানরত চরমপন্থী সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা দিপংকর বেনাপোল সীমান্ত দিয়ে অস্ত্র ও গুলি সরবরাহ করে। সংগঠনের সদস্যরা এ অস্ত্র দিয়ে সন্ত্রাসী কার্যক্রম ও মানুষ হত্যা করে।
