বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ না করার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার রাতে বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডে তার প্রধান নির্বাচনি কার্যালয়ে জাতীয় পার্টির এক কর্মীসভায় এই আহ্বান জানান তিনি।
এসময় তিনি আরো বলেন, ‘বরিশাল সিটিবাসীর ভালোবাসা ও সমর্থনে আমি সিক্ত। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট প্রদানের ক্ষেত্রে যাতে কেউ হস্তক্ষেপ করতে না পারে, সেজন্য নির্বাচন কমিশনকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।’ বরিশাল সিটি নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত এই প্রার্থী বলেন, ‘আমি মেয়র নির্বাচিত হলে বরিশাল সিটিকে একটি উত্পাদনমুখি তিলোত্তমা নগরী হিসাবে গড়ে তুলব। আপনারা নির্বাচন পর্যন্ত শান্ত থেকে ভোটারদের কাছে ভোট চাইবেন। আমার এবং আমার পার্টির কোনো বদনাম নেই, সেই কারণে সাহসের সঙ্গে আপনারা নির্বাচনি কার্যক্রম পরিচালনা করবেন।’
জাতীয় পার্টি বরিশাল মহানগরীর আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি বরিশাল জেলার সদস্যসচিব এম এ জলিল, জাতীয় পার্টি বরিশাল মহানগরের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম গফুর, রুস্তম আলী খান, আকতার রহমান সপ্রু, ফোরকান তালুকদার, যুগ্ম সদস্যসচিব কামরুজ্জামান চৌধুরী কামাল, জাতীয় পার্টি বরিশাল জেলার যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম হেমায়েত, মনজুরুল আলম খোকন, নজরুল ইসলাম, জাতীয় যুব সংহতি বরিশাল মহানগর আহ্বায়ক অধ্যাপক গিয়াস উদ্দিন, সদস্যসচিব রফিকুল ইসলাম, জাতীয় ছাত্রসমাজ মহানগর আহ্বায়ক হাওলাদার মো. জাহিদ, সদস্যসচিব মিরাজ খান প্রমুখ।
