গাজীপুর সিটি নির্বাচন 

মা ও নিজের নামে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জাহাঙ্গীর আলম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১১:০০

গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের নামে আরো একটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে স্থাপিত নির্বাচনের রিটানিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করা হয়। এ নিয়ে বুধবার বিকেল পর্যন্ত মেয়র পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এদিকে ৪ জন মেয়র প্রার্থী বুধবার পর্যন্ত তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মহানগর কমিটির সভাপতি ও সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটির সাবেক সদস্য ও ৩৫ নং ওয়ার্ডের দুইবার নির্বাচিত কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল, গণফ্রন্ট মনোনীত প্রার্থী মো. আতিকুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী মো. হারুন আর রশীদ।

বুধবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিংকালে এ সব তথ্য জানান।

এদিকে গত নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম দলীয় মনোনয়ন না পাওয়ায় তার নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি ছিল অনেকটাই ধূয়াশাচ্ছন্ন। তিনি মনোনয়নপত্র সংগ্রহ করায় কর্মী সমর্থকদের মধ্যে ফিরেছে প্রাণচাঞ্চল্য। তার মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি মুহুর্তেই মহানগরের সর্বত্র ছড়িয়ে পড়ে। এটি টক অব দ্য টাউনে পরিনত হয়। তার কর্মী-সমর্থকসহ সাধারণ ভোটারদের মাঝে বিষয়টি ব্যাপক আলোচিত হচ্ছে। তিনি এ  নির্বাচনে অংশ নেওয়ায় একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলে মনে করছেন ভোটাররা।

জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘আমি মেয়র হিসেবে তিন বছরে মহানগরের ব্যাপক উন্নয়ন করেছি। যা এ পর্যন্ত কেউ করতে পারেনি। দলীয় মনোনয়ন না পেলেও মহানগরের জনগণের আমার প্রতি বিপুল সমর্থন রয়েছে। তাদের ভালোবাসা ও আগ্রহের কারণে আমি এ নির্বাচনে অংশ নিচ্ছি। আশা করি গত নির্বাচনের মতো এবারও জনগণ বিপুল ভোটে আমাকে বিজয়ী করবেন।’ এ সময় তিনি মহানগরের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

অন্যদিকে দলীয় সিদ্ধান্তের কারণে বিএনপি এ নির্বাচনে অংশ নিচ্ছেন না এবং এ পর্যন্ত দলটির মনোনীত কোন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

সকাল সাড়ে ১১টার দিকে রিটানিং কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলামের নিকট জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিন তার মনোনয়ন জমা দেন। এসময় সঙ্গে ছিলেন তার স্ত্রী ছেলে-মেয়ে এবং পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়াসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র জমা শেষে সাবেক সচিব নিয়াজ উদ্দিন বলেন, ‘গাজীপুর সিটিকে একটি পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে চাই। আশা করি জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে।’

নির্বাচন সুষ্ঠুভাবে হবে বলে প্রত্যাশা করে তিনি বলেন, ‘আগের অনেক নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল। এ কারণে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে কিছুটা অনিহা সৃষ্টি হয়েছে। এ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। একই সাথে সরকারের এখানে ভূমিকা থাকতে হবে।’

দুপুরে আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন মন্ডল স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘পর পর দুইবার বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছি। তাছাড়া আমি পুরো মহানগরের বিভিন্ন এলাকায় রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় কর্মকাণ্ডে অংশ নিয়ে জনপ্রিয়তা অর্জন করেছি। আমি মনেকরি এ নির্বাচনে জনগণ আমাকে মেয়র হিসেবে নির্বাচিত করবে।’

বুধবার ৪টা পর্যন্ত মেয়র পদে রয়েছেন ১৩ জন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট আজমতউল্লা খান, বরখাস্তকৃত মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টি মনোনীত এমএম নিয়াজ উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত গাজী আতাউর রহমান, গণফ্রন্টের আতিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন মন্ডল, সরকার শাহনুর ইসলাম, রাজু আহমেদ, মো. আবুল হোসেন, মো. হারুন অর রশীদ, মোখলেছুর রহমান, জায়েদা খাতুন  ও মো. অলিউর রহমান।

এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩৪০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ দিন পর্যন্ত ১৯১ জন সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৬৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

এদিকে আজ (২৭ এপ্রিল) বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৩০ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ৮ মে মনোনয়নপত্র প্রত্যাহার, ৯ মে প্রতীক বরাদ্দ এবং ২৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

ইত্তেফাক/এসজেড