বিশ্বকাপে কিউইদের মেন্টর অধিনায়ক উইলিয়ামসন!

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১১:৪১

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দিয়ে ভারতে আনার কথা ছিল অধিনায়ক কেন উইলিয়ামসনের। তবে তা আর হয়ে উঠল না। কেননা চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গুজরাট টাইটান্সের হয়ে প্রধম ম্যাচে মাঠে নেমেই বাউন্ডারি লাইনে ক্যাচ নিতে গিয়ে গুরুতর আঘাত পান উইলিয়ামসন। এরপরই তার হাঁটুতে অস্ত্রোপচার করানোয় দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েন তিনি। তাই আসন্ন ভারত বিশ্বকাপে তাকে পাওয়া নিয়ে শঙ্কা আছে।

তবে যদি উইলিয়ামসনকে মাঠে না পাওয়া যায় বিশ্বকাপে তবে তাকে দলের সঙ্গে দেখা যাবে আরেক পরিচয়ে। উইলিয়ামসনকে বিশ্বকাপে দলের সঙ্গে নিয়ে যাবে মেন্টর হিসেবে। এমনটাই পরিকল্পনা করে রেখেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। 

তবে মেন্টর হিসেবে নেওয়ার কথা জানালেও ক্রিকেটার হিসেবে তার খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কিউই কোচ গ্যারি স্টেড। সম্প্রতি বিশ্বকাপে উইলিয়ামসনের খেলার বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে গ্যারি জানান, ক্রিকেটার হিসেবে যেতে না পারলে উইলিয়ামসনকে মেন্টর হিসেবে ভারতে নিয়ে যাওয়া হবে। 

কোচ বলেন, ‘এখনই এটা বলা কঠিন। কারণ এখনো অনেক সময় বাকি আছে। কদিন আগে তার অপারেশন হয়েছে এবং আজ পর্যন্ত আমরা জানি সেটা সফল হয়েছে। সে এখন পুনর্বাসন প্রক্রিয়ার প্রাথমিক পর্যায়ে রয়েছে।’ 

গ্যারি আরও বলেন, ‘তার পায়ে এখনো বন্ধনী রয়েছে। সব ঠিকঠাকভাবে চলছে। আমরা কেনকে (উইলিয়ামসন) পর্যবেক্ষণ করছি। সে বিশ্বকাপ খেলবে সেটা এখনো অনিশ্চিত। কিন্তু তার যে যোগ্যতা আর সক্ষমতা তাতে আমরা তাকে এখনই বাতিল করতে চাই না। এটা বলা তাড়াতাড়ি হবে তবে এখনো সম্ভাবনা (বিশ্বকাপ খেলার) আছে।’

ইত্তেফাক/এসএস