অ্যাপার্টমেন্টে মিললো কানাডায় পড়তে যাওয়া ইয়াসিনের লাশ

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১৯:৩৭

কানাডায় মন্ট্রিয়লের একটি অ্যাপার্টমেন্ট থেকে ২৬ বছরের বাংলাদেশি যুবক ইয়াসিন মোহাম্মেদ খানের লাশ পাওয়া গেছে।

জানা গেছে, মন্ট্রিয়লের ডাউনটাউনের একটি অ্যাপার্টমেন্ট থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে পুলিশ বিভাগ থেকে মৃত্যুর কারণ এখনও জানানো হয়নি।

কয়েকদিন ধরে ইয়াসিনের বাবা-মা ছেলের সঙ্গে নানাভাবে যোগাযোগে ব্যর্থ হয়ে পুলিশের সাহায্য নেন। পরে মন্ট্রিয়ল পুলিশ অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করে।

মন্ট্রিয়ল থেকে দেওয়ান মনিরুজ্জামান ইত্তেফাককে জানান, ইয়াসিনের এক বন্ধু শান্ত জানিয়েছে, ইয়াসিন নোভাস্কশিয়ায় মেমোরিয়াল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষে তিন বছর আগে মন্ট্রিয়ল আসেন। এখানে চাকরি করতেন। তিনি এপার্টমেন্টে একাই বসবাস করতেন।

ইয়াসিনের পরিবার সিলেট অঞ্চলের এবং তারা বাসাবোতে বসবাস করেন। আমেরিকা থেকে তার আত্মীয়-স্বজন আসার পর পুলিশ তাদের কাছে লাশ হস্তান্তর করবে বলে জানা গেছে।

ইত্তেফাক/এসকে