হেরে ক্রুদ্ধ জাভি

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১০:৪২

বার্সেলোনার সামনে সুযোগ ছিল দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধানটা আরো বাড়িয়ে নেওয়ার। সেটা হলে লা লিগার শিরোপা প্রায় হাতের মুঠোয় পুরে ফেলতে পারত কাতালান জায়ান্টরা। কিন্তু বার্সেলোনা সুযোগটা কাজে লাগাতে পারেনি। রায়ো ভায়েকানোর মাঠ থেকে জয় তো পায়ইনি, উল্টো বার্সেলোনাকে ফিরতে হয়েছে হারের বেদনা নিয়ে। 

ভায়েকানোর মাঠে গিয়ে ১-২ গোলে হেরে গেছে বার্সেলোনা। দলের এই হার মেনে নিতে পারছেন না বার্সা কোচ জাভি হার্নান্দেজ। হেরে রাগে ফুঁসছেন তিনি। শুধু কোচ জাভি নন, হেরে বার্সেলোনার খেলোয়াড়েরাও ক্রুদ্ধ। ম্যাচ শেষে জাভি নিজের রাগটা উপড়ে দিয়েছেন, ‘আমি রাগান্বিত। খেলোয়াড়েরাও রাগ নিয়েই মাঠ ছেড়েছে। হারের জন্য আমি কোনো অজুহাত দেব না। সত্যি বলতে, আজ আমরা ম্যাচের প্রয়োজন অনুযায়ী খেলতে পারিনি। আমাদের এখন শনিবারের কথা ভাবতে হবে। আমাদের ভাগ্য ভালো যে, সামনেই আমাদের আরেকটা ম্যাচ আছে।’ 

মানে জাভি হার নিয়ে ভাবতে রাজি নন। আগের দিন জিরোনার মাঠে গিয়ে ২-৪ গোলে বিধ্বস্ত হয়েছিল রিয়াল মাদ্রিদ। ফলে পরশু জিতলে বার্সেলোনা পূর্ণ ১৪ পয়েন্টে এগিয়ে যেতে পারত। সেক্ষেত্রে চার মৌসুম পর লা লিগার শিরোপা জেতাটা বার্সেলোনার প্রায় নিশ্চিত হয়ে যেত। তবে হেরেও শিরোপার সুবাস ঠিকই পাচ্ছে জাভির দল। 

এখনো যে রিয়ালের চেয়ে পূর্ণ ১১ পয়েন্টে এগিয়ে বার্সেলোনা। ৩১ ম্যাচে বার্সার পয়েন্ট ৭৬। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬৫। সামেন বাকি আরো সাতটি করে ম্যাচ। সেই সাত ম্যাচে রিয়াল ১১ পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে শিরোপা জিতবে, এমনটা হয়তো রিয়াল মাদ্রিদের শিবিরেরও কেউ বিশ্বাস করে না। নিজেদের মাঠে রায়ো ভায়েকানোকে ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে দেন আলভারো গার্সিয়া রিভেইরা। ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রান গার্সিয়া। ৮৩ মিনিটে বার্সেলোনার হয়ে একমাত্র গোলটা করেন রবার্ট লেভান্ডভস্কি।

ইত্তেফাক/এসএস