গাজীপুরের কালীগঞ্জে বোরো ধান কাটার কাজ করতে গিয়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইডেন কলেজের এক ছাত্রীসহ কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন।
উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের ছাতিয়ানী পশ্চিমপাড়া গ্রাম সংলগ্ন সিদ্দিক খন্দকারের বাড়ির পাশের মাঠে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক মনির হোসেন মনু (৬৫) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মধ্যউড়িয়া গ্রামের বাদশা আলীর ছেলে।
আহতরা হলেন কালীগঞ্জ উপজেলার ছাতিয়ানী গ্রামের শহিদুল্লাহ খন্দকারের মেয়ে শাকিলা খন্দকার (২৩)। তিনি ঢাকা ইডেন কলেজের ইংরেজি বিভাগের ৩য় বর্ষের ছাত্রী। এছাড়া এই উপজেলার হাকিম উদ্দিনের ছেলে এরশাদ আলী (২৭), বাহাউদ্দিনের ছেলে গোলাপ (৫৫), মীর বক্সের ছেলে লাল মিয়া (৪৫), জাবেদ আলীর ছেলে সায়েদা (৫০)।
কালীগঞ্জ থানার এসআই মো. কামাল হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিমপাড়া গ্রামে বজ্রপাতে এক শ্রমিক মারা যান। এ ঘটনায় আরও পাঁচ জন আহত হন। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং লাশ উদ্ধার করি। পরে দিবাহত রাতে নিহতের পরিবারের লোকজনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
