অনেক শোরগোল তুলেই কাতার বিশ্বকাপের পর পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদকে দলে ভিড়িয়েছিলো সৌদি আরবের ক্লাব আল নাসর। তবে পাঁচবারের ব্যলন ডি'অর জয়ী এই তারকাকে দলে ভিড়িয়েও যেন নিজেদের মাঠের পারফরম্যান্সে তেমন কোনো উন্নতি দেখাতে পারেনি ক্লাবটি। মাঝে মাঝে দুয়েকটি ম্যাচে রোনালদো ঝলক দেখা গেলেও বেশিরভাগ ম্যাচেই নিষ্প্রভ ছিলেন তিনি।
সৌদি প্রো লিগে শীর্ষস্থান ধরে রাখতে পারেনি আল নাসর। সুপার কাপ আর কিং কাপ থেকেও বিদায় নিয়েছে রোনালদোর ক্লাব। বলা যায় এই মৌসুমে ট্রফিহীনই থাকতে হচ্ছে আল নাসরকে। এমন পরিস্থিতিতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ক্লাবটির প্রেসিডেন্ট মুসাল্লি আল-মুয়াম্মার।
রোনালদোকে দলে ভেড়ানোর জন্য অন্যতম বড় ভূমিকা ছিলো আল-মুয়াম্মারের। পর্তুগিজ তারকার শুরুটাও ভালোই ছিলো, দুয়েকটি ম্যাচে দেখা গেছে সিআর সেভেনের সেই পুরোনো ঝলক। তবে দলগতভাবে আল নাসর পুরোটাই ব্যর্থ চলতি মৌসুমে। এছাড়া মাঠের বাইরে রোনালদোকে নিয়ে বিতর্কও হয়েছে অনেক। খারাপ পারফরম্যান্সের কারণে কিছুদিন আগে কোচ রুডি গার্সিয়াকেও বরখাস্ত করে ক্লাব কর্তৃপক্ষ।
এতোসব ঘটনার পর এবার পদত্যাগ করলেন ক্লাবটির প্রেসিডেন্ট। ইতোমধ্যেই সৌদি ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে এবং ক্লাবটির বর্তমান পরিচালনা পর্ষদের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন আল-মুয়াম্মার। রোনালদোকে দলে ভিড়িয়ে শোরগোল তুললেও তাকে নিয়েই যে ক্লাব বড় এক ঝামেলার মধ্যে পড়ে আছে সেটিই যেন প্রমাণ হলো আরেকবার। আল-মুয়াম্মারের পদত্যাগপত্র গ্রহণ করে চলতি মৌসুম শেষ হওয়ার আগেই নতুন সভাপতি পেতে পারে ক্লাবটি।
