'রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলার প্রস্তুতি চূড়ান্ত'  

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১৭:৪৯

ইউক্রেনজুড়ে আজ শুক্রবার ভোরে অতর্কিত হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে এখন পর্যন্ত ইউক্রেনের ১৩ জন বেসামরিক লোক নিহত হয়েছে। এমন হামলার জবাবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলার প্রস্তুতি চূড়ান্ত করেছে ইউক্রেন। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

অনলাইনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সৃষ্টিকর্তার ইচ্ছে অনুযায়ী যত তাড়াতাড়ি সম্ভব আবহাওয়া ও কম্যান্ডারদের সিদ্ধান্তের ভিত্তিতে আমরা পাল্টা হামলা চালাব। তবে ঠিক কবে নাগাদ পাল্টা হামলা শুরু হতে পারে- এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি।  

সাম্প্রতিক সময় ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে উন্নত সামরিক সরঞ্জাম পেয়েছে ইউক্রেন। এসব অস্ত্রের মধ্যে আধুনিক ট্যাঙ্কও আছে। রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলার মাধ্যমে ইউক্রেন তাদের বেদখল হওয়া ভূখণ্ড ফিরে আনবে বলে জানিয়েছে। 

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৪২৯ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

ইত্তেফাক/এসআর/এএএম