তিন যুবক গ্রেপ্তার

জাপানি পর্যটকদের সবকিছু লুটে নিয়ে আনন্দভ্রমণে যায় ছিনতাইকারীরা

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ২১:৩৭

ঢাকায় বেড়াতে এসে জাপানি দুই নাগরিক গিয়েছিলেন মোহাম্মদপুরের রায়েরবাজার বধ্যভূমি পরিদর্শনে। গত সোমবার রাতে সেখানে তাদের কাছ থেকে নগদ অর্থ, আইফোন ও ক্রেডিট কার্ড ছিনিয়ে নেয় তিনজন যুবক। ছিনতাই করা অর্থ নিয়ে দুইজন আনন্দভ্রমণেও যান।

শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে ঢাকায় পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এ ঘটনায় বৃহস্পতিবার দিনগত রাতে দুই ছিনতাইকারীসহ তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তারা হলেন, খায়রুল ইসলাম স্বপন (২৮), জিহাদুল ইসলাম মামুন (১৯) ও মো. আবু রাসেল প্রত্যয় (২২)।

উপ-কমিশনার আজিমুল হক সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশে বেড়াতে আসা জাপানি দুই নাগরিক গত ২৪ এপ্রিল ঢাকার শুক্রবাদ এলাকার হোটেল নন্দিনীতে ওঠেন। রাত সাড়ে ৮টার দিকে তারা রায়েরবাজারে বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে যান। আনুমানিক রাত ৯টার দিকে তারা কবরস্থান থেকে বের হতে চাইলে অজ্ঞাত তিন যুবক তাদের ভুল পথ দেখিয়ে ভেতরের দিকে নিয়ে যায়। এরপর অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে ১ লাখ ৫৩ হাজার ৮০০ জাপানি মুদ্রা, বাংলাদেশি ২৮ হাজার টাকা, দু’টি আইফোন, দুটি ক্রেডিট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, হেলথ কার্ড, একটি পোর্টেবল হটস্পট ও একটি ব্লুটুথ ছিনিয়ে নেওয়া হয়। পরে কাউকে কিছু না জানিয়ে হোটেলে চলে যান ভুক্তভোগীরা। পরদিন তারা বিষয়টি হোটেলের ব্যবস্থাপককে জানালে তিনি মোহাম্মদপুর থানা অবহিত করেন।

তিনি বলেন, মোহাম্মদপুর থানায় মামলা হওয়ার পর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে পুলিশ। এ সময় আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় জড়িত চক্রটিকে শনাক্ত করা সম্ভব হয়। প্রথমে ২৭ এপ্রিল মোহাম্মদপুর বোটঘাট এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত খাইরুল ইসলাম স্বপনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে রায়েরবাজার শুটকি আড়তের পেছনের কবরস্থানের দেয়াল সংলগ্ন মাঠ থেকে জাপানি নাগরিকের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলথ কার্ড, দুটি ক্রেডিট কার্ড ও একটি পাসপোর্ট ছেঁড়া অবস্থায় উদ্ধার করা হয়। এরপর যানা যায় অপর দুই ছিনতাইকারী কক্সবাজারে বেড়াতে গেছে। তখন পুলিশের একটি দল যায় কক্সবাজার। ততক্ষণে ছিনতাইকারীরা চলে যায় সীতাকুণ্ড। সেখান থেকে গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি আইফোন, ৩০ হাজার জাপানি ইয়েন, একটি পোর্টেবল হটস্পট ও একটি ব্লুটুথ উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা আজিমুল হক আরও বলেন, একটি আইফোন এখনও উদ্ধার করা যায়নি। সেটি উদ্ধারের চেষ্টা চলছে। আর লুণ্ঠিত জাপানি ইয়েনের মধ্যে ৩০ হাজার উদ্ধার হলেও বাকিটা তারা টাকায় বদলে খরচ করে ফেলেছে। গ্রেপ্তার তিনজনের মধ্যে আবু রাসেল প্রত্যয়ের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের একটিসহ আরও মোট তিনটি মামলা রয়েছে।

ইত্তেফাক/এসকে