রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি সোনাসহ রুস্তম আলী (৩৮) নামের এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৬টায় বিমানবন্দরের টাওয়ার ভবনের সামনে থেকে তাকে আটক করে আর্মড পুলিশের (এপিবিএন) সদস্যরা। আটক রুস্তম ঢাকার কেরানিগঞ্জের বাঘাপুর এলাকার বাসিন্দা।
এয়ারপোর্ট এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, রুস্তম আলীকে বিমানবন্দরের টাওয়ার ভবনের সামনে ঘোরাঘুরি করতে দেখে সাদা পোষাকে দায়িত্ব পালন করা এপিবিএনের গোয়েন্দা সদস্যদের সন্দেহ হয়। তাকে চ্যালেঞ্জ করলে অপ্রাসঙ্গিক উত্তর দিতে থাকেন। এ সময় তাকে আটক করে এপিবিএনের অফিসে নিয়ে আসা হয়। বিস্তারিত জিজ্ঞাসাবাদে তিনি নিজের কাছে সোনা থাকার বিষয়টি স্বীকার করেন।
এ সময় সঙ্গে থাকা ব্যাগ থেকে তিনি নিজ হাতে ৬৯৬ গ্রাম ওজনের ৬টি সোনার বার এবং ৩৫৫ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মোট ১০৫১ গ্রাম সোনা বের করে দেন। তিনি এই সোনার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মোহাম্মদ জিয়াউল হক আরও জানান, পবিত্র ঈদ উপলক্ষে কুচক্রি মহলের চোরাচালান ঠেকাতে বিশেষ অভিযান চলছে। এপ্রিল মাসব্যাপী এই বিশেষ অভিযানে এখন পর্যন্ত প্রায় ৬ কেজি সোনাসহ বিপুল পরিমাণ শুল্কযোগ্য পণ্য আটক করা হয়।
