বিশ্বকাপের জন্য ২৪ জনের পুল আছেন মাহমুদউল্লাহ-আফিফ-নাইম

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ০৩:২৬

চলতি বছরের অক্টোবরে ভারতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। আর বিশ্বকাপের আগে সব দলগুলোর মতো বাংলাদেশও গুছিয়ে নিচ্ছে নিজেদের বিশ্বকাপ স্কোয়াড। ইতিমধ্যে ক্রিকেট বোর্ডের নির্বাচকরা কড়া নজরে রেখেছেন ২৪ জন ক্রিকেটারকে। যাদের নিয়ে ভারতের উদ্দেশ্যে বিশ্বকাপ খেলতে যাবে টাইগাররা। আর এ ২৪ জনের পুলের মধ্যে রয়েছে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, সদ্য টাইগার স্কোয়াড থেকে বাদ পড়া আফিফ হোসেন ধ্রুব এবং নাঈম শেখ। গতকাল এমনটি জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

গতকাল শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আসন্ন বিশ্বকাপে ২৪ জনের পুলের প্রসঙ্গে কথা বলেন প্রধান নির্বাচক। এ সময় তিনি খেলোয়াড়রা জাতীয় দলের বাইরে থাকলেও তাদের নজরে থাকে বলে জানিয়েছেন। এ সময় কারা কারা আছেন এ প্রসঙ্গে নান্নু বলেন, ‘২৪টা প্লেয়ার আমাদের পুল করা আছে। তো পার্টিকুলার কিছু না। যারা আছে সবাইকে বিশ্বকাপের জন্য মনিটরিং করা হচ্ছে।’

এদিকে দলের অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের হয়ে দীর্ঘদিন ধরে খেলছেন তিনি। এ সময় টাইগারদের অনেক স্মরণীয় জয়ে গুরুদায়িত্বও পালন করেছেন মাহমুদউল্লাহ। তবে বর্তমানে তিনি রয়েছেন জাতীয় দলের স্কোয়াডেরই বাইরে। মাহমুদউল্লাহ বয়সের ভারে মাঠে আগের মতো ব্যাট হাতে জমিয়ে তুলতে পারছেন না উইকেটে। আর তার এমন অফফর্মেই তাকে স্কোয়াড হতে ছিটকে দিয়ে। সব তাকে গেল মাসের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামতে দেখা গিয়েছিল। সেই সিরিজের তিন ম্যাচে তার ব্যাট থেকে আসে ৭১ রান। এছাড়া ফিল্ডিংয়েও সেরাটা দিতে পারেননি। হাত ফঁসকেছে ক্যাচ। তাতেই শঙ্কা দেখা দিয়েছে ৩৭ বছর বয়সী ক্রিকেটার সুযোগ পাবে কিনা বিশ্বকাপে। এমন শঙ্কার মধ্যেই গত বৃহস্পতিবার বিসিবি পরিচালক ও গেম ডেভলপমেন্টের প্রধান খালেদ মাহমুদ সুজন তো বলেই দিয়েছেন যে তার মনে হচ্ছে না মাহমুদউল্লাহ বিশ্বকাপে স্কোয়াডে জায়গা পাবে। তবে তার পরদিনই নান্নু জানিয়ে দিলেন, ২৪ জনের পুলে অভিজ্ঞ এই ব্যাটারও রয়েছে। বললেন, ‘মাহমুদউল্লাহ নজরে আছেন।’

অন্যদিকে মাহমুদউল্লাহ দল থেকে জায়গা হারানোর আগে ওয়ানডে দল থেকে ছিটকে গেছেন আফিফ হোসেন ধ্রুব। অফফর্মের কারণে বাদ পড়লেও চলমান ডিপিএলে বলা যায় ব্যাট হাতে দারুণ ছন্দেই রয়েছেন তিনি। এখন পর্যন্ত বাঁহাতি এই ব্যাটার ১০ ম্যাচে ৪২.৭১ গড়ে করেছেন ২৯৯ রান। এর মধ্যে রয়েছে তিনটি হাফ সেঞ্চুরিও। তাই মোটামুটি সম্ভাবনা রয়েছে বিশ্বকাপ স্কোয়াডে ফিরতে পারেন আফিফ। তবে সেই সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিয়েছেন গতকাল প্রধান নির্বাচক। শুক্রবার আফিফের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার প্রসঙ্গে নান্নু বলেন, ‘অবশ্যই, পুলে থাকা যে ২৪ ক্রিকেটারকে আমরা প্রস্তুত করে রেখেছি এদের সবাইকে মনিটরিং করা হচ্ছে এবং কেউ চোখের আড়াল হচ্ছে না। তো যাকে যখন প্রয়োজন মনে করব তখনই তাকে দলে নেওয়া হবে।’ শুধু মাহমুদউল্লাহ কিংবা আফিফ নন এ ফিরে আসার দৌড়ে রয়েছেন আরেক ব্যাটারও। তিনি হচ্ছেন নাঈম শেখ। বেশ কয়েক ম্যাচে তাকে দেখা গিয়েছিল টাইগারদের হয়ে ওপেনিং সামলাতে। তবে ধারাবাহিক ব্যর্থ হওয়ায় একেবারেই ছিটকে গিয়েছেন স্কোয়াড থেকে। কিন্তু এবার যেন মরিয়া হয়ে উঠেছেন জাতীয় দলে ফেরার জন্য। বিপিএলে সেইভাবে মেলে ধরতে না পারলেও চলমান ডিপিএলে এক কথায় ব্যাট হাতে উড়ছেনই তিনি। আবাহনী লিমিটেডের হয়ে খেলা ১১ ম্যাচে এই ওপেনার করেছেন ৭১৯ রান। এখন পর্যন্ত তার চেয়ে বেশি রান নেই আর কারো।

আর এমন ফর্মের কারণে বাঁহাতি এই ব্যাটারও রয়েছেন নির্বাচকদের ২৪ জনের পুলেও, গতকাল এটাও নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক। বলেন, ‘নাইম শেখ অবশ্যই ভালো করছে। ও তো আমাদের এইচপিতে ছিল এবং ‘এ’ দলের সামনে সিরিজ আছে ঐখানেও দেখব। আমি যেটা বললাম ডিপিএলে অনেকগুলো খেলোয়াড় ভালো পারফর্ম করছে। এদেরকে ভালো করে মনিটরিং করা হচ্ছে এবং আমাদের পুলের মাঝে যে ২৪ জন খেলোয়াড় আছে সেখানে অবশ্যই ও থাকবে।’

ইত্তেফাক/এমএএম