মির্জা ফখরুলকে ‘খোঁচা দিলেন’ আইনমন্ত্রী

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১৮:০৫

আইনের শাসন নিয়ে প্রশ্নে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘খোঁচা দিলেন’ আইনমন্ত্রী আনিসুল হক। ‘দেশে আইনের শাসন নেই’- বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের জবাবে মন্ত্রী বলেছেন, বিএনপি জিয়াউর রহমান হত্যার বিচার করতে পারেনি, তাদের মুখে আবার আইনের শাসনের কথা!

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়নে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কর্মীসভায় সাংবাদিকদের এক প্রশ্নের তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে পরিবারসহ হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদের বিচার করতে পারবে না বলে আইন পাস করেছিল খন্দকার মোস্তাক ও জিয়াউর রহমান। আমাদের সময়ে আইনে যা আছে জনগণকে তা পালন করতে হয়। এখন দেশে আইনের শাসন আছে। হত্যার বিচার হয় না- এমন কথা কেউ এখন বলতে পারবে না।

তিনি বলেন, বাংলাদেশের সাংবিধানিক পন্থায় নির্বাচন হবে। কোন নির্দলীয় সরকার, কোন কেয়ারটেকার সরকার থাকবে না। নির্বাচন করবে নির্বাচন কমিশন। সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, একসময় নির্বাচনের আগে তিন মাসের জন্য কেয়ারটেকার সরকার হতো। ওই কেয়ারটেকার সরকারের বৈধতা নিয়ে হাইকোর্টে মামলা হলে হাইকোর্ট রায় দেয় কেয়ারটেকার সরকারের কোন বৈধতা নেই, এটা বৈআইনি। পরবর্তীতে আপিল বিভাগে গেলে সেখানেও কেয়ারটেকারকে অবৈধ বলে রায় দেয়। সংসদে কেয়ারটেকার সরকারব্যবস্থা বাতিল করে ‘৭২-এর সংবিধান মোতাবেক নির্বাচন এবং বাংলাদেশ চলবে এটাই সিদ্ধান্ত হয়। এখন সেই মোতাবেক বাংলাদেশ চলছে। আগামী নির্বাচন সেই মোতাবেক হবে।

এর আগে, গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো দুটি আলাদা বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম বলেন, বর্তমানে দেশে আইনের শাসন নেই। সরকারের দমন-পীড়নে জনগণের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার এখন ক্ষত-বিক্ষত। 'নির্মম কর্মকাণ্ড' সংঘটিত করেও এই সরকার শেষ পর্যন্ত নিজেদের রক্ষা করতে পারবে না বলেও উল্লেখ করেন তিনি।

ইত্তেফাক/এসকে