দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ২১:১৭

সুনামগঞ্জের জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সৈয়দ জামাল মিয়া ( ৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে সৈয়দপুর ঈশানকোনা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সৈয়দ জামাল মিয়া পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক ছিলেন। 

জানা যায়, উপজেলার সৈয়দপুর ঈশানকোনা গ্রামের সৈয়দ আলমগীর মিয়ার সঙ্গে সৈয়দ হোসাইন আহমদের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। শুক্রবার সন্ধ্যায় সৈয়দপুর বাজারে হোসাইন আহমদের সঙ্গে একই গ্রামের হুসবান নূরের বাকবিতণ্ডা হয়। রাত ৯টার দিকে উভয় পক্ষ অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে জামাল মিয়া গুলিবিদ্ধ হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় জামাল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ইত্তেফাক/এবি/পিও