দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতায় অভিযুক্ত ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজালের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন স্থগিত হওয়ার পর গতকাল শুক্রবার সরকারি ছুটির দিনে রাজধানীর আগারগাঁওয়ে ইফা কার্যালয়ে অফিস করলেন। ছুটির দিনে ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা কেউ ছিলেন না।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে চলমান পরিস্থিতির সমাধান হতে যাচ্ছে। আজ শনিবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরদের সভা হবে। এ সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের ভাগ্য নির্ধারিত হবে।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ক্যান্সারে আক্রান্ত ইফা মহাপরিচালককে গুরুতর অসুস্থজনিত কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হতে পারে। তার স্থলে ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। মূলত সামীম মোহাম্মদ আফজালকে সম্মানজনকভাবে বিদায় জানাতে গতকাল ছুটির দিনে অফিসে আসার সুযোগ দেয়া হয়। গতকাল রাত সাড়ে ৮টায় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর কাছে, ছুটির দিনে ইফা মহাপরিচালকের অফিস করা ও ইসলামিক ফাউন্ডেশনের সর্বশেষ অবস্থা সম্পর্কে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ইসলামিক ফাউন্ডেশন নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হোক, তা কাম্য নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চলমান সমস্যার শান্তিপূর্ণ সমাধান হবে বলে আশা করছি। সামীম মোহাম্মদ আফজাল এখনও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক। তিনি তিন দিনের ছুটি কাটিয়ে অফিসে করেছেন। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আজ (শনিবার) সকালে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের বৈঠক রয়েছে। সেখানে চলমান সমস্যার শান্তিপূর্ণ সমাধান হবে।
ইত্তেফাক/আরকেজি
