১৪৫ দিন পর বিএনপি কার্যালয়ে রিজভী

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৬:২০

কারাগার থেকে মুক্তির ১৪৫ দিন পর ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় দপ্তরে ফিরছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী।

রোববার বেল ১২টায় তিনি দলীয় কার্যালয়ের সামনে আসেন। এর আগে গত মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে কারামুক্ত হন রিজভী।

সংগৃহীত ছবি

আগে থেকেই রিজভীকে স্বাগত জানানোর জন্য কয়েকশ' নেতা-কর্মী অপেক্ষা করছিলেন। রিজভী গাড়ি থেকে নামার পরপরই নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে মিছিল নিয়ে সিটি হার্ট ভবনের সামনে থেকে দলীয় কার্যালয়ের সামনে পর্যন্ত আসেন। রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। এরপর তিনি কার্যালয়ের তৃতীয় তলায় নিজের দপ্তরে যান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সহ-দপ্তর সম্পাদক মনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, তারিকুল আলম তেনজিংসহ কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে রিজভীকে শুভেচ্ছা জানান। এ সময় রিজভী দলীয় নেতা-কর্মীদের বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এবং সরকার পতন আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, গত বছরের ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রিজভীসহ চার শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছিলো পুলিশ।

ইত্তেফাক/এসকে