বেতিসকে উড়িয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৭:৪৮

১০ জনের রিয়াল বেতিসকে ৪-০ গোলে বিধ্বস্ত করে শনিবার (২৯ এপ্রিল) লা লিগার শিরোপার পথে আরও একধাপ এগিয়ে গেল বার্সেলোনা। ২০১৯ সালের পর আবারও লিগ শিরোপা জয়ের স্বপ্ন কাতালান জায়ান্টদের সামনে।

শনিবার ক্যাম্প ন্যুতে বার্সার হয়ে গোল করেছেন আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, রবার্ট লেওয়ান্ডোভস্কি ও রাফিনহা। ম্যাচের শেষদিকে একটি আত্মঘাতী গোল করেছেন বেতিসের আর্জেন্টাইন মিডফিল্ডার গুইডো রদ্রিগেজ।

ম্যাচের প্রথমদিকে বেতিসের এডগার গঞ্জালেস দেখে মাঠ ছাড়লে ম্যাচটি আরো সহজ হয়ে যায় জাভি হার্নান্দেজের শিষ্যদের জন্য। ফলে ছয় ম্যাচ হাতে থাকা অবস্থায় তালিকার শীর্ষস্থান আরো মজবুত করতে সক্ষম হয় কাতালানরা।

সহজেই জয় পাওয়া এই ম্যাচে বার্সার হয়ে অভিষেক হয়েছে লামিনে ইয়ামাল নামে ১৫ বছরের এক কিশোরের। মাঠে নেমেই নতুন ইতিহাস গড়েন তিনি। লিগে বার্সার হয়ে খেলা সবচেয়ে কনিষ্ঠ ফুটবলারের রেকর্ড এখন ইয়ামালের।

এদিকে বেতিসও এদিন মাঠে নামিয়েছেন ৪১ বছর বয়সী অভিজ্ঞ তারকা জোয়াকুইন সানচেজকে। মৌসুম শেষে অবসরের আগে ক্যাম্প ন্যুতে তাকে খেলার সুযোগ করে দেয় বেতিস। বার্সা সমর্থকরাও দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছেন সানচেজকে।

জয়ের পর বার্সা কোচ জাভি বলেন,‘ আমরা প্রতিক্রিয়া সৃষ্টি করতে পেরেছি। আমরা দারুণ উন্নতি করেছি। পুরো দলের কাছ থেকে এটি ছিল খুবই ভালো প্রতিক্রিয়া। আমরা শুরুতে ১-০ গোলে এগিয়ে যাই। পরে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের লাল কার্ড পাওয়া আমাদের আরো উপকারে এসেছে।’

ইনজুরি কাটিয়ে ফেরা ক্রিস্টেনসেনকে এদিন শুরু থেকেই মাঠে নামান জাভি। মাঠে ফিরেই আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি। ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহার ক্রস থেকে ১৪ মিনিটে হেডে গোল করে বার্সাকে এগিয়ে দেন ক্রিস্টেনসেন।

গোল খেয়ে বেপরোয়া হয়ে উঠে বেতিস। পাল্টা আক্রমণে কাতালানদের চাপ এড়ানোর চেষ্টা করে তারা। তবে ৩১ মিনিটে বড় ধাক্কা খায় সফরকারী দলটি। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এডগার গঞ্জালেস। লা লিগার ইতিহাসে কেবল তৃতীয় খেলোয়াড় হিসেবে এদিন বদলি নামার পর প্রথমার্ধেই দুটি হলুদ কার্ড দেখেন গঞ্জালেস।
১০ জনের দলে পরিণত হওয়ার পর আর লড়াইয়ে পেরে ওঠেনি বেতিস। 

৩৬ মিনিটে জুলস কুন্দের নিচু ক্রস থেকে গোল করেন লেওয়ান্ডোভস্কি। চলতি লিগে এটি তার ১৯তম গোল। লা লিগার এ মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে সবার ওপরেই আছেন তিনি।

৩৯ মিনিটে বার্সার তৃতীয় গোলটি করেন রাফিনহা। মাঝমাঠ থকে সার্জিও বুসকেটসের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে আড়াআড়ি শটে গোল করেন ব্রাজিলিয়ান উইঙ্গার। এগিয়ে এসে তাকে আটকানোর চেষ্টা করেছিলেন বেতিসের গোলরক্ষক, কিন্তু বলের নাগালই পাননি। প্রথমে রেফারি অবশ্য অফসাইডের বাঁশি বাজিয়েছিলেন। তবে ভিএআর দেখে গোল নিশ্চিত করেন তিনি।

৮২ মিনিটে স্কোরলাইন ৪-০ করে স্বাগতিক বার্সা। আনসু ফাতির জোরাল শট বেতিসের আর্জেন্টাইন ডিফেন্সিভ মিডফিল্ডার গুইডো রদ্রিগেজের পায়ে লেগে দিক বদলে ঢুকে যায় পোস্টে।

এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনা দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান ফের ১১ তে নিয়ে গেছে। ৩২ ম্যাচ থেকে ৭৯ পয়েন্ট সংগ্রহ করে সবার ওপরে বার্সা। সমান সংখ্যক ম্যাচ ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল।

ইত্তেফাক/এসএস