রাজাধানীর পূর্বাচলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জমি দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। সেখানে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হবে। শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ক্রীড়া মন্ত্রণালয় এই জমিতে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চেয়েছিল। যেহেতু বিসিবিকে দেওয়া হয়েছে তাই বিসিবি এখন সেখানে ক্রীড়া মন্ত্রণালয়কে স্থান দিতে চায়। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানিয়েছেন আমরা চেয়েছিলাম আটটা ফেডারেশনকে জায়গা দিতে কিন্তু বিসিবি পাঁচটার বেশি দিতে চায় না।
কোন পাঁচটা ফেডারেশনকে পূর্বাচলে পাঠানো হবে এমন প্রশ্নে জাহিদ আহসান রাসেল বলেন, ‘প্রায় সব ফেডারেশনই সেখানে যেতে চায়। আমি তো সবাইকে জায়গা দিতে পারব না।’ এরই মধ্যে সভাও হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সবার আবদার শুনে কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়েছে। প্রতিমন্ত্রী বললেন, ‘আমরা আবার বসব। জানিয়ে দেবো, কারা পূর্বাচলে যাবে।’
যেসব খেলা ইনডোর ভিত্তিক হয় সেই সব ফেডারেশনকে অগ্রাধিকার দিতে চায় ক্রীড়া মন্ত্রণালয়। উদাহরণ দিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা তো চূড়ান্ত করিনি। তবে সম্ভাব্য কিংবা যাদের সম্ভাবনা রয়েছে যেমন কারাতে ফেডারেশন, উশু আছে, তায়কোয়ানডো, দাবা ফেডারেশন, বাস্কেটবল ফেডারেশন, ফেন্সিং ফেডারেশন হতে পারে। আমি বলতে চাচ্ছি, ইনডোর খেলাগুলোর যেসব ফেডারেশন রয়েছে তারা পূর্বাচলে যেতে পারে।’ তিনি উল্লেখ করেন, যেসব খেলায় সাউথ এশিয়ান গেমেস স্বর্ণ পদক রয়েছে তারা এগিয়ে থাকবে।’
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ বলেন, ‘আমরা এখনো বিসিবির কাছে নাম পাঠাইনি। আগে আমাদেরকে দেখতে হবে বিসিবি কাজ শেষ করে কী পরিমাণ জায়গা আমাদেরকে দিচ্ছে, তারপর সব চিন্তা-ভাবনা। আমরা এখনো কোনো কিছুই ফাইনাল করিনি।’
৪৯ একর জমির ওপর নির্মাণ করা হবে শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম। পুরো জমিটাই ক্রীড়া মন্ত্রণালয়ের। কোনো মূল্য ধরা হয়নি বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘এই জমির দাম অনেক। পূর্বাচলে পাঁচ কাঠার একটা প্লটের দাম কত। আর ৪৯ একর জমি, তথা ১৪৭ বিঘা জমির মূল্য চিন্তা করলে মাথা নষ্ট হয়ে যাবে।’ জাহিদ আহসান রাসেল বলেন, ‘আমাদেরকে বেশি জায়গা দেওয়া হলে একটা জিমনেসিয়াম করতাম। বিসিবি পুরোটাই নিয়ে নিয়েছে। অনুরোধ করেছিলাম যেন বেশি জমি দেওয়া হয়।’
প্রায় ৭০০ কোটি টাকা খরচ করে আন্তর্জাতিক স্টেডিয়াম তৈরি করা হবে। নৌকার আদলে স্টেডিয়ামের ডিজাইন করা হয়েছে। অনেক কাজই এগিয়ে গেছে। শনিবার দুপুরে বিবিসি কর্তারা পূর্বাচলে ৩০০ ফুট সড়কের পাশে প্রস্তাবিত ক্রিকেট স্টেডিয়ামের জমি পরিদর্শনে যান। বিসিবির পরিচালক মাহবুব আনাম জানিয়েছেন, শেখ হাসিনা স্টেডিয়ামের মাঠের উইকেট বানাতে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের সঙ্গে কথা বলেছেন। এমাসে কিংবা আগামী মাসে উইকেট কনসালট্যান্ট আসবেন। সেন্টার উইকেট হবে ১০টা, অনুশীলন উইকেট একাডেমির উইকেট বানাতে হবে। এখানে একাডেমি ভবন হবে, বিসিবির ভবনও হবে এখানে। এক কথায় এটি হতে যাচ্ছে পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্স।
