ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন 

আপডেট : ০১ মে ২০২৩, ১৬:১৮

কুষ্টিয়ায় ছোট ভাইয়ের হাতে আপন বড় ভাই খুন হয়েছেন। নিহতের নাম রাশিদুল ইসলাম (২৫)। রোববার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রাশিদুল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন শান্তিডাঙ্গা গ্রামের খবির মণ্ডলের ছেলে।
  
জানা গেছে, পারিবারিক বিবাদের জের ধরে দুই ভাই রাশিদুল ও শহিদুল বাকবিতণ্ডায় লিপ্ত হয়। উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ছোট ভাই শহিদুল ক্ষিপ্ত হয়ে মশলা পিষা শিল দিয়ে বড় ভাই রাশিদুলের মাথায় আঘাত করে। এতে রাশিদুল সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনার পর তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শষ্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার সময় মারা যায়। পুলিশ লাশ উদ্ধারের পর সোমবার (১ মে) দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে নিহতের ময়নাতদন্ত সম্পন হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামি শহিদুলকে (২০) পুলিশ এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। তবে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়েছে পুলিশ। 

ইবি থানার ওসি আননুন জায়িদ সত্যতা স্বীকার করে বলেন, তুচ্ছ ঘটনার জের ধরে এই হত্যা সংঘটিত হয়েছে। এ ব্যাপারে আইনগত বিষয় প্রক্রিয়াধীন। 

ইত্তেফাক/পিও