বরিশালের আগৈলঝাড়ায় ভাইয়ের বাড়ি বেড়াতে গিয়ে রাস্তা পারাপারের সময় বেপরোয়া বাসচাপায় লাশ হয়ে বাড়ি ফিরলেন বৃদ্ধা মহেরজান বেগম (৬৫)। রোববার (৩০ এপ্রিল) রাত পৌনে নয়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নারী আগৈলঝাড়া উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের করম আলী মোল্লার স্ত্রী। তিনি তার বড় ভাই আশোকাঠী গ্রামের বাসিন্দা মোবারক হাওলাদারের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।
জানা গেছে, আশোকাঠী হাসপাতালের সামনের মহাসড়ক দিয়ে রাস্তা পার হচ্ছিল মহেরজান। এ সময় বরিশালগামী অভি ডিলাক্স নামের একটি বেপরোয়া গতির বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গৌরনদী ফায়ার সার্ভিসের সাব অফিসার আখতার উদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে গৌরনদী হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
