একদিকে পিএসজির দিন কাটছে দুর্দশার ভিতরে, অন্যদিকে এই মৌসুম শেষেই ফরাসি জায়ান্টদের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির। পিএসজি চুক্তি নবায়ন করতে চাইলেও মেসি সেটি করেননি। মৌসুম শেষে মেসি পিএসজি ছাড়বেন বলেই সবার ধারণা। ফিরতে পারেন সাবকে ক্লাব বার্সেলোনায়। জোর গুঞ্জন আছে সৌদি আরবে পাড়ি জমানোরও। এরই মধ্যে স্বপরিবারে সৌদি ভ্রমণে গিয়ে যেন সেই গুঞ্জনে আরও ডালপালা মেলার সুযোগ করে দিলেন মেসি।
এদিকে, মেসির এই সৌদি সফরে অনুমতি ছিলো না পিএসজি কর্তৃপক্ষের জানা গেছে এমন কথাও। ঘরের মাঠে লরিয়েন্তের কাছে পিএসজির হারের পরপরই পরিবার নিয়ে সৌদি আরব সফরে গেছেন মেসি।
ফরাসি সংবাদমাধ্যম লে'ইকুপের এক প্রতিবেদনে জানা যায়, লরিয়েন্তের বিপক্ষে হারের পর মেসির সৌদি ভ্রমণের জন্য অনুমতি দেননি পিএসজি কোচ ক্রিস্টোফার গ্যালতিয়ের।
পিএসজির ফুটবল পরামর্শক লুইস ক্যাম্পোসও মেসির সৌদি সফরের পক্ষে ছিলেন না বলেই জানা গেছে। তবে পিএসজি কর্তৃপক্ষের আপত্তি উপেক্ষা করেই সৌদি সফরে গেছেন এলএম টেন।
মেসির সৌদি আরবে যাওয়া নিয়ে যেমন সেখানকার ক্লাবে যোগদানের গুঞ্জন উঠেছে। আবার ব্যাপারটি এমন নাও হতে পারে। মধ্যপ্রাচ্যের দেশটির পর্যটনবিষয়ক শুভেচ্ছাদূত মেসি। সেই পর্যটনশিল্পের প্রচারণার কাজেও মেসি সৌদি যেতে পারেন।
সোমবার (০১ এপ্রিল) মেসিকে স্বাগত জানিয়ে সৌদির পর্যটনবিষয়ক মন্ত্রী আহমেদ আল খাতিব একটি টুইটবার্তায় লেখেন, সৌদি আরবের পর্যটন শুভেচ্ছাদূত মেসি ও তার পরিবারকে দেশটিতে দ্বিতীয়বারের মতো সফরে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। এছাড়া হ্যাশট্যাগে ‘ওয়েলকাম মেসি’ লেখেন তিনি।
I am happy to welcome #Messi and his family to Saudi to enjoy the magical tourist destinations and authentic experiences.
We welcome visitors from all around the world to experience a unique trip to Saudi Arabia and its hospitality.
