সিংড়ায় অস্ত্র-গুলিসহ আটক ১

আপডেট : ২২ জুন ২০১৯, ১৪:২০

নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে মাসুদ রানা ওরফে রাঙ্গা (২৭) নামে এক ব্যক্তিকে বিদেশি পিস্তল, চারটি গুলি, ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রায় ১০ রকম দেশি-বিদেশি অস্ত্রসহ আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কৈগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জামিল আকতার এর নেতৃত্বে সিংড়া থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) নেয়ামুল আলম অভিযানে অংশ নেয়।

এদিকে শনিবার সকাল ১১টায় সিংড়া থানায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি জানানো হয়। ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জামিল আকতার জানান, মাসুদ রানা রাঙ্গার বিরুদ্ধে সিংড়া, বগুড়া ও রাজশাহীর বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও মাদকের ৬টি মামলা রয়েছে। অস্ত্র ও ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/এমআরএম