পিএসজি কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই সৌদি আরবে সফরে যাওয়ায় দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করা হয়েছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিক। তবে তাতে যেন মেসিরই সুবিধা হয়ে গেছে, দুই সপ্তাহের জন্য ফুটবলের মাঠের ব্যস্ততা থেকে অবসর পেয়ে মরুর দেশে যেন বেশ আমোদেই সময় কাটাচ্ছেন পরিবার নিয়ে।
এবার ঠিক যেন পিএসজির কাঁটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতোই এক কাজ করলেন সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল খাত্তেব। মেসিসহ তার পরিবারের সৌদি ভ্রমণের নতুন কিছু ছবি নিজের টুইটারে প্রকাশ করেছেন সৌদি পর্যটনমন্ত্রী।
একদিকে মেসির পিএসজি ছাড়ার গুঞ্জন, নতুন কোন ক্লাবে যাবেন তা নিয়ে জল্পনা-কল্পনা, যেখানে নাম আছে সৌদির ক্লাব আল-হিলালেরও। মেসির সৌদি সফরকে ঘিরে জল্পনা বেড়েছে আরও একধাপ। আবার ব্যাপারটি এমন নাও হতে পারে। মধ্যপ্রাচ্যের দেশটির পর্যটনবিষয়ক শুভেচ্ছাদূত মেসি। সেই পর্যটনশিল্পের প্রচারণার কাজেও মেসি সৌদি যেতে পারেন।
ফরাসি সংবাদমাধ্যম লা'ইকুইপের এক প্রতিবেদনে জানা যায়, লরিয়েন্তের বিপক্ষে হারের পর পিএসজি কোচ ক্রিস্টোফার গ্যালতিয়ের আর ক্রীড়া উপদেষ্টা লুইস ক্যাম্পোসের অনুমতি ছাড়াই সৌদি ভ্রমণে গেছেন এলএম টেন। তার এই বিনা অনুমতিতে সৌদি সফরে যাওয়াটা মেনে নিতে পারেনি পিএসজি। শ্বাস্তিস্বরূপ দুই সপ্তাহের জন্য মেসিকে নিষিদ্ধ করেছে ক্লাব কর্তৃপক্ষ।
এদিকে, গুঞ্জন রয়েছে শুধু নিষেধাজ্ঞাই নয়, মেসির সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্কও ছেদ করার ঘোষণা দিতে পারে ফরাসি জায়ান্টরা। এমনিতেই চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে মেসির। পিএসজি চুক্তি নবায়নে আগ্রহী হলেও মেসি তাতে রাজি হননি। আগে থেকেই ধারণা ছিলো মৌসুম শেষেই পিএসজি ছাড়বেন মেসি। এবার যেন সেই পালেই আরও জোরেশোরে হাওয়া দিলো মেসির সোদি ভ্রমণের ঘটনা।
এমনিতেই মাঠের খেলায় পিএসজির ছন্নাছাড়া অবস্থা, তার ওপর মেসিকে নিয়ে বিতর্কে বেশ চাপের মুখে রয়েছে পিএসজি। এমন অবস্থায় মেসির সৌদি সফরের নতুন নতুন ছবি দেখে পিএসজি কর্তৃপক্ষের বুকে জ্বালা উঠতেই পারে।
সৌদির পর্যটনমন্ত্রী নিজের টুইটার অ্যাকাউন্টে মেসির সৌদি ভ্রমণের নতুন তিনটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, ‘রিয়াদ সিটি বুলেভার্দে বিকালে খেলাধুলা, ভার্চুয়াল জগতের অভিজ্ঞতা ও পরিবার নিয়ে দারুণ সময় কাটানোর পর মেসি এবং তার পরিবার বিলাসবহুল শপিং এবং আন্তর্জাতিকমানের রেঁস্তোরায় ঢুঁ মেরেছেন।’
ছবিগুলোর মধ্যে একটি ছবিতে দেখা যায় স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো ও সন্তানদের নিয়ে ইনডোর গেমস খেলছেন মেসি। অন্য দুটি ছবিতেও দেখা য্যা পরিবারের সদস্যদের নিয়ে বেশ ফুর্তিতেই সৌদির বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন মেসি।
Messi & his family treated themselves to a delightful selection of international cuisine & a luxurious shopping experience in #ViaRiyadh followed by a fun-filled afternoon of games, VR experiences, & quality family time at Riyadh City Boulevard. #WelcomeMessi pic.twitter.com/3O6gRQEN4h
— Ahmed Al Khateeb أحمد الخطيب (@AhmedAlKhateeb) May 2, 2023
