হারুনুর রশীদের দুর্লভ বই, চলচ্চিত্র সামগ্রী ফিল্ম আর্কাইভে হস্তান্তর

আপডেট : ০৩ মে ২০২৩, ১৭:০৭

চলচ্চিত্র পরিচালক হারুনর রশীদ তার ব্যক্তিগত সংগ্রহে থাকা চলচ্চিত্র সামগ্রী ফিল্ম আর্কাইভে হস্তান্তর করেছেন। মঙ্গলবার (২ মে) সকালে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. জসীম উদ্দিনের কাছে চলচ্চিত্র সংশ্লিষ্ট সামগ্রী ও বিভিন্ন সম্মাননা হস্তান্তর করেন হারুনর রশীদ।

জানা গেছে, হারুনর রশীদ তার ব্যক্তিগত সংগ্রহে থাকা প্রায় ৮০ টি দূর্লভ বিভিন্ন লেখকের বই, ১৯৬৫ সালের পাকিস্তান ফিল্ম ফেস্টিবলের ১৭৪ টি দূর্লভ স্থিরচিত্র, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মেঘের অনেক রং এর ডিভি ক্যাম কপি, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বাহন, গৌরব, প্যাকেজ নাটক উত্তারাধিকারের ডিজিটাল কপি, তার ব্যবহৃত ১ সেট কমপ্লিট স্যুট এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ১৪ টি পুরস্কার ও বিভিন্ন সম্মাননা বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মিউজিয়ামের জন্য দান করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল, পরিচালক ফারহানা রহমান, ফিল্ম অফিসার মো. ফখরুল আলম।

ইত্তেফাক/বিএএফ