প্রকাশ্যে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা: বখাটে আটক

আপডেট : ০৩ মে ২০২৩, ১৮:৫৮

নেত্রকোনায় স্কুলছাত্রীকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত বখাটে কাওসারকে আটক করেছে পুলিশ। বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

বুধবার (৩ মে) বিকাল ৩টার দিকে উপজেলার প্রেমনগর ঈদগাঁ মাঠের পাশের একটি জঙ্গল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া দুপুরে বারহাট্টা রেলস্টেশন রোডে নারী প্রগতি সংঘ বারহাট্টার উদ্যোগে মানববন্ধন হয়। 

স্কুলছাত্রী মুক্তার হত্যাকারী কাওসারের বিচারের দাবিতে মানববন্ধন। ছবি: ইত্তেফাক

অভিযুক্ত বখাটে কাওসার উপজেলার প্রেমনগর গ্রামের শামসু মিয়ার ছেলে। নিহত মুক্তা রানি বর্মন (১৬) বারহাট্টা উপজেলার বাউসি ইউনিয়নের ছালিপুরা গ্রামের নিখিল বর্মনের মেয়ে। সে প্রেমনগর ছালিপুড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। এদিকে বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

জানা গেছে, মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বান্ধবীদের সঙ্গে বাড়ি ফেরার সময় পথ আটকিয়ে বখাটে কাওসার ধারালো দা দিয়ে মুক্তিকে কুপিয়ে জখম করে। বান্ধবীদের চিৎকারে লোকজন চলে আসলে কাউসার পালিয়ে যায়। বারহাট্টা হাসপাতালে নিয়ে গেলে মুক্তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকলে কলেজ হাসপাতালে নেওবার পথে সে মারা যায়। এদিকে মুক্তার খুনের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

নিহত স্কুলছাত্রী মুক্তা রানি বর্মন। ছবি: ইত্তেফাক

বারহাট্টা নারী প্রগতি সংঘের প্রধান সুরজিত ভৌমিক বলেন, মুক্তা বাল্যবিবাহ রোধেও ইভটিজিং বন্ধে তাদের সঙ্গে কাজ করতো। 

বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ হতে মামলর প্রস্তুতি নেওয়া হচ্ছে। বুধবার বিকাল পর্যন্ত থানায় মামলা হয়নি।

নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ জানান, কাওসারকে আটক করা হয়েছে। সে এলাকায় বখাটে হিসাবে পরিচিত। 

ইত্তেফাক/পিও