উৎসবমুখর পরিবেশে ইউএসটিসি এর ৫ম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের প্রযুক্তি বিষয়ক দক্ষতা অর্জনের পরামর্শ

আপডেট : ০৩ মে ২০২৩, ১৮:০৫

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলোজি চিটাগাং (USTC) এর ৫ম সমাবর্তন।

৩রা মে (বুধবার) এই সমাবর্তন হয়।

বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এর মনোনীত প্রতিনিধি শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরি, এমপি, সমাবর্তনে সভাপতিত্ব করেন ও ডিগ্রী প্রদান করেন। সমাবর্তন বক্তব্য দেন মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি মালয়েশিয়া (MMU) এর প্রেসিডেন্ট প্রফেসর দাতো ড. মাজলিহাম মোঃ সুউদ। উপস্থিত ছিলেন, বাংলাদেশ এক্রেডিটেশন কাউন্সিল (BAC) এর চেয়ারম্যান প্রফেসর ড. মেজবাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (UGC) থেকে সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেইন এবং প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ।

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, ‘এখন গতানুগতিক গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন করে বর্তমান প্রেক্ষাপটে পড়াশোনা শেষ এটা ভাবলে হবে না, আপনাদেরকে লাইফলং লার্নিং মেন্টালিটি রাখতে হবে। কর্মমুখী শিক্ষা নিতে হবে, প্রযুক্তি ব্যবহার শিখতে হবে এবং ভাষাগত কমিউনিকেশন দক্ষতা অর্জন করতে হবে। তবেই আপনি নিজের জীবনে সফল হতে পারবেন এবং প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের গড়ার লক্ষ্য বাস্তবায়ন করতে পারবেন। আমি এমন অনেক সফল চাকরিজীবী এবং বড় উদ্যোগ থেকে দেখেছি যারা প্রযুক্তি নিয়ে পড়াশোনা করেনি কিন্তু ব্যক্তিগত উদ্যোগে প্রযুক্তি নিয়ে জ্ঞান অর্জন করার ফলে তারা তাদের কর্ম ক্ষেত্রে সফল হয়ে উঠেছে। তাই আজকে আপনাদের উদ্দেশ্যে আমার একটি উপদেশ আপনারা প্রযুক্তি বিষয়ক দক্ষতা অর্জন করুন। তবেই আপনারা ফিউচার জব মার্কেটে জন্য সবসময় প্রস্তুত থাকতে পারবেন।’

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সূত্রানুযায়ী জানা গেছে, ইউএসটিসি’র এবারের সমাবর্তনের জন্য রেজিস্ট্রেশন করেন ১ হাজার ৫৬৫ জন শিক্ষার্থী এবং মোট ৮৪ জন গ্রাজুয়েটকে স্বর্ণপদক দেয়া হয়েছে।

উল্লেখ্য, ১৯৮৯ সালের ১৩ মে থেকে প্রথম সূচনা করে USTC। তখন থেকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং অর্থনীতিতে ভূমিকা রাখার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানটি।

ইত্তেফাক/এসসি