ভোলায় আগুনে পুড়লো ১০ দোকান

আপডেট : ০৪ মে ২০২৩, ১৫:০২

ভোলা সদর উপজেলার ইলিশা জংশন বাজারে আগুনে পুড়ে ছাই হয়েছে ১০টি দোকান। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বুধবার (৩ মে) দিবাগত মধ্যরাতে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ভোলা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্যবসায়ীরা জানান, রাত আড়াইটার দিকে বাজারের ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পাশের ইউছুফ সরদারের টিভি-ফ্রিজের শোরুম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে বাজারের মেশিনারি পার্টসের দোকান, ফাস্টফুডের দোকান, টিভি-ফ্রিজের দোকান, ওয়ার্কশপের দোকান, ওষুধের ফার্মেসি, সুতার দোকান, মেশিনারি মালামালের গোডাউন, ফার্নিচারের দোকানসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেন অগ্নিকাণ্ডে তাদের দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।

ভোলা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সুমন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ৮টি পুরোপুরি ও দুটি আংশিকসহ মোট ১০টি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

ইলিশা ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান, খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছি। ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের টিম ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করেছে।

ইত্তেফাক/আর