জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান। এবার তার সঙ্গে গান নিয়ে আসছেন মারুফা তৃষা। ‘ওরে জান’ শিরোনামের একটি গানে তাদের পাওয়া যাবে। জামাল হোসেনের কথায় এটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইমরান নিজেই। মিউজিক ভিডিওতে ইমরানের সঙ্গে এতে মডেল হয়েছেন নাজনিন নিহা। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা। এরইমধ্যে নেপালে মিউজিক ভিডিওটির তিনদিন শুটিং করেছেন বলে জানান ইমরান।
গীতিকার জামাল হোসেন বলেন, ইমরানের সঙ্গে এরমধ্যে কয়েকটি গান করা হয়েছে। আমাদের ঘুম ঘুম চোখে গানটির জন্য শ্রোতাদের কাছ থেকে অনেক প্রশংসা পেয়েছি। নতুন গানটিও শ্রোতাদের মনে দাগ কাটবে বলে আশা করছি।
ইমরান বলেন, ওরে জান গানটির কথাগুলোর মধ্যে শ্রোতারা নতুনত্ব পাবেন। নেপালের চমৎকার কিছু লোকেশনে এটির দৃশ্যধারণ করা হয়েছে। মিউজিক ভিডিওতেও দর্শক-শ্রোতা নতুনত্ব দেখবেন।
চলতি মাসের শেষের দিকে মিউজিক ভিডিওটি প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিক থেকে প্রকাশ হবে।
