‘দমে যেতে আসিনি’

আপডেট : ০৪ মে ২০২৩, ১৭:৩৭

ঈদে মুক্তিপ্রাপ্ত ছবি ভেতরে এবারে আলাদাভাবে প্রশংসিত হয়েছে সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’ ছবিটি। আদর আজাদ ও বুবলী অভিনীত এই ছবিটি সেন্সর বোর্ডের সদস্যদের কাছ থেকে প্রশংসা পেতে শুরু করে। এরপর একাধিক অভিনয় শিল্পীও ছবিটির প্রশংসা করেন।

নির্মাতা সাইফ চন্দন বলেন, ‘এই ছবিটি দিয়ে আমি মূলত একজন ম্যাচিউরড নির্মাতার স্বীকৃতি পাওয়া শুরু করলাম। এর আগে আমার কিছু ছবি মুক্তি পেয়েছে ঠিকই, কিন্তু এভাবে অনুপ্রেরণা পাইনি। ইন্ডাস্ট্রির অনেকেই এই ছবিটি নিয়ে কথা বলেছেন। ছবির ক্যাম্পেইন মূলত তারাই করেছেন।’

এদিকে গত ঈদে দীর্ঘদিন পর সুপারস্টার শাকিব খানের ছবি রিলিজ হওয়ায় সারাদেশের সিনেমা হলে খুব বেশি ঠাঁই পায়নি অন্য ছবিগুলো। এরপরও সিনেপ্লেক্সগুলোতে ভালো ব্যবসা করছে ‘লোকাল’।

নির্মাতা চন্দন বলেন, ‘আমরা তবুও আশাবাদী ও দর্শকদের কাছে কৃতজ্ঞ। কারণ একটি ছবির যদি গল্প ও নির্মাণে মেধা থাকে তাহলে সেই ছবি কথা বলবেই। সিনেপ্লেক্সে এই ছবিটি নিয়ে ব্যাপক প্রশংসা পাচ্ছি। দর্শকরা বলছেন পয়সা উসুল ছবি। এটাই বড় প্রাপ্তি। অনেকেই আমাকে বলেছিল, ঈদের পরে রিলিজ দিতে। কিন্তু আমরা চেয়েছি ঈদেই আসুক। কারণ ঈদের ভেতরে আমি সবসময় খেয়াল করেছি দর্শকদের একটা বাড়তি কৌতুহল কাজ করে বাংলা সিনেমার প্রতি। এটা সারাবছর এতটা পাওয়া যায় না।’

ছবি: সংগৃহীত

তবে লোকাল ছবি নিয়ে একটি মনখারাপের বিষয় আলোচ্য হলো, ছবির প্রচারণার নায়িকাকে না পাওয়া। চিত্রনায়িকা বুবলী এই ছবির প্রধান নায়িকা। অন্যদিকে এই  ঈদে সবচেয়ে ব্যবসাসফল ছবি শাকিব খানের ‘লিডার :আমিই বাংলাদেশ’ ছবিটির নায়িকাও বুবলী। কিন্তু দুটি ছবির ক্ষেত্রে লোকালের কথা বুবলী খুব একটা আলোচনায় আনছেন না।

এ প্রসঙ্গে ছবিটির হিরো আদর আজাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘দেখুন, তিনি পরীক্ষিত চিত্রনায়িকা। এখন আমি তো সাপোর্ট প্রত্যাশা করবোই। যেটা তালাশে পেয়েছিলাম। কিন্তু এবারে কেন এমন করছেন তা আমারও প্রশ্ন। তবে আমি বলবো, ছবির গল্পে দম থাকলে এসব বাঁধা কোনো বিষয় না এবং তিনিও ছবিটিতে ভালোবেসেই কাজ করেছেন। আর আমি দর্শকদের মনে এভাবে একটু একটু করেই প্রবেশ করতে চাই। কয়েকটি ছবি করে দর্শকদের সামান্য আগ্রহে জায়গা করতে পারছি, এটাই আমার প্রাপ্তি। আমার কাছে অনেক। আমি হেরে যেতে বা দমে যেতে আসিনি। লোকাল ছবিটি নিয়ে অনেক সিনিয়র শিল্পী নির্মাতারা যেভাবে প্রশংসা করেছেন তা আমার পরম পাওয়া।’

উল্লেখ্য, লোকাল ছবিটি নির্মাতা সাইফ চন্দন মূলত পলিটিক্যাল অ্যাকশন ঘরানার বানিয়েছেন। যা এক সময় কাজী হায়াত্ চিত্রনায়ক মান্নাকে নিয়ে করেছেন একাধিক ছবিতে। লোকালের হিরো আদর আজাদও মান্নার একনিষ্ঠ ভক্ত। ছবিটি রিলিজের কদিন পর নির্মাতা কাজী হায়াত্ আদরকে ডেকে নিয়ে তার অভিনয়ের প্রশংসা করেন বলে জানান তিনি। আদর বলেন, ‘কাজী হায়াত্ স্যারের এ রকম প্রশংসা আমার কাছে অনেক বড় পুরস্কারের সমান। এই ভালোবাসাগুলো নিয়েই এগিয়ে যেতে চাই।’

ইত্তেফাক/বিএএফ