‘উন্নয়নের নির্দিষ্ট লক্ষ্যে যেতে হলে সততা-দক্ষতা প্রয়োজন’

আপডেট : ২২ জুন ২০১৯, ১৭:২৮

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, উন্নয়নের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের সম্মিলিত ভাবে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করতে হবে।

শনিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বিভাগ ও সংস্থা সমূহের প্রধানদের সঙ্গে ২০১৯-২০২০ সময়ের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

টিপু মুনশি বলেন, গতানুগতিক কাজের বাইরে গিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে। চ্যালেঞ্জ মোকাবেলা না করলে ভালো ও নতুন কিছু করা যায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে সফল ভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদেরও একই ভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করে কাজ করতে হবে। ভালো কিছু করতে গেলে চ্যালেঞ্জ আসবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, উন্নয়নের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের সম্মিলিত ভাবে কাজ করতে হবে। ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প কিছু নেই। দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে আন্তরিকতার সঙ্গে সকলকে কাজ করতে হবে।

আরো পড়ুন: যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৯

অনুষ্ঠানে বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ট্যারিফ কমিশন, বাংলাদেশ চা বোর্ড, রপ্তানি উন্নয়ন ব্যুরো, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর, যৌথ মূলধনী কোম্পানী ও ফার্ম সমুহের নিবন্ধকের কার্যালয়, ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ(টিসিবি) এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট এর প্রধানগণের সাথে এ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন।

ইত্তেফাক/এমআই