স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। স্বাধীনতার পক্ষের সকলকে জোট বেঁধে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন।
সম্প্রতি জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকারের আমলে সারা দেশের মতো জামালপুর সদরেও আমূল পরিবর্তন হয়েছে এবং বিভিন্ন উন্নয়ন কর্মযজ্ঞ চলছে। দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিতে ও বর্তমান সরকারের বাস্তবায়নাধীন উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে ফের নৌকা প্রতীকে ভোট দিন।
এমপি মোজাফফর হোসেন জানান, আগামীতে যে নির্বাচন হবে এই বছরের শেষে বা ২০২৪ সালের জানুয়ারিতে, সেই নির্বাচনেও আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন, সে আবেদনই আপনাদের কাছে।
১৪ বছরে আজকের বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, আজকে বাংলাদেশ বিশ্বে মর্যাদা পেয়েছে, উন্নয়নের রোল মডেল। এই বাংলাদেশ এগিয়ে যাবে।
গণসংযোগের সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার বাবুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

