নামাজে দাঁড়ানো নিয়ে তর্ক

ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষিতে ১ জনের মৃত্যুর অভিযোগ

আপডেট : ০৫ মে ২০২৩, ১৯:৪০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নামাজে দাঁড়ানোকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে ঘুষিতে সিজল মিয়া (৫০) নামে ১ জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ মে) জুম্মার নামাজের সময় পৌর এলাকার আলমনগরে এই ঘটনা ঘটে। নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সিজল মিয়া উপজেলার আলমনগর এলাকার মৃত মমতাজ মিয়ার ছেলে।

ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, আলমনগর এলাকার শাহ আলম ও সিজল মিয়ার মধ্যে পূর্ববিরোধ ছিল। শুক্রবার জুম্মার নামাজের সময় লাইনে দাঁড়ানো নিয়ে বাকবিতণ্ডা হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এ সময় ঘুষিতে সিজল মিয়া আহত হলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করে। 

তিনি আরও বলেন, এ ঘটনায় নুরে আলম নামে একজনকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ইত্তেফাক/এবি