‘শিষ্টাচার শিক্ষা আমি পরিবারের কাছ থেকে পেয়েছি’

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৫

বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী প্রধানমন্ত্রীর ভাতিজা শেখ তন্ময় বলেছেন, 'দেশ-বিদেশে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিলেও প্রকৃত শিষ্টাচার শিক্ষা আমি পরিবারের কাছ থেকে পেয়েছি। তাই আমি বড়দের সম্মান করি আর ছোটদের ভালবাসি। বঙ্গবন্ধু সারাটি জীবন মানুষের জন্য কাজ করে গেছেন আমিও সারা জীবন মানুষ তথা দেশের জন্য কাজ করে যেতে চাই।' শনিবার দুপুরে বাগেরহাট পৌরসভা মিলনায়তনে জেলা কৃষকলীগের নেতা-কর্মীদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, 'আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রতিটি কর্মীর কাজ সাধারণ ভোটারদেও কাছে গিয়ে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে ভোট প্রার্থনা করা। তা নাহলে বিরোধীরা তাদের উল্টোপাল্টা বোঝাবে।'

জেলা কৃষক লীগের সভাপতি আবুল হাসেম শিপনের সভাপতিত্বে মত বিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. মীর শওকাত আলী বাদশা এমপি, এ্যাড. ফরিদ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ফরিদা আক্তার লুচি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, আওয়ামী লীগ নেতা শেখ ফিরোজুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিন, মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সীতা রানী দেবনাথ, জেলা তাঁতী লীগের আহবায়ক আঃ বাকী তালুকদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরু প্রমুখ।

এছাড়া মত বিনিময় সভায় কৃষক লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু