পুরান ঢাকার ধূপখোলা বাজারে গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণের ঘটনায় আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান শাওনের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ মে) সকালে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শাওন মারা যান। শাওন বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো আইনুল ইসলাম।
তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান শাওন আজ সকালে মারা গেছে। পরিবার এসে শিক্ষার্থীর লাশ নিয়ে যাবে। নিহত শিক্ষার্থীর জানাযা কোয়ান্টাম মসজিদে অনুষ্ঠিত হবে।
গত ১ মে (সোমবার) পুরান ঢাকার ধূপখোলা বাজারে রাস্তার গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাওন সহ আরো ৮ জন অগ্নিদগ্ধ হন। পরবর্তীতে আহত অবস্থায় সবাইকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান শাওন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে শোক জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
