লক্ষ্মীপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতা হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রিমান্ডে থাকা দুই আসামির তথ্য অনুযায়ী একটি দু’নলা ও একটি এক নলা বন্দুকসহ ৫টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ মে) দুপুরে পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মামলার ৫ আসামি বর্তমানে রিমান্ডে রয়েছে। এরমধ্যে মামলার ১৪ নম্বর আসামি আজিজুল ইসলাম বাবলু ৩ দিনের রিমান্ডে রয়েছে। বাবলুকে নিয়ে বৃহস্পতিবার (৪ মে) রাতে অস্ত্র উদ্ধার অভিযানে বের হয় পুলিশ। তার দেওয়া তথ্যমতে ঘটনাস্থলের অদূরে মাঠের পাশে কলাবাগান থেকে হত্যায় ব্যবহৃত একটি দু'নলা দেশীয় বন্দুক ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
এছাড়া শুক্রবার (৫ মে) রাতে এই মামলার আরও দুই আসামি নিশান ও রুবেল দেওয়ানকে নিয়ে অভিযানে বের হয় পুলিশ। নিশানের বাড়ি থেকে একটি এক নলা বন্দুক ও ১টি কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, আদালতে দেওয়া জবানবন্দিতে আসামি দেওয়ান ফয়সাল ও আলমগীর হত্যাকাণ্ডে অন্যান্য অস্ত্রের সঙ্গে দেশীয় কিছু বন্দুক ব্যবহার হয়েছে বলে জানিয়েছিল। অস্ত্রগুলো যিনি সবাইকে দিয়েছেন তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। এছাড়া এ হত্যাকাণ্ডে ৩৫-৪০ জন সন্ত্রাসী পাঁচ ভাগে বিভক্ত হয়ে কাজ করেছে। অনেকের কাছেই দেশীয় বিভিন্ন অস্ত্র ছিল। সবগুলো অস্ত্রই উদ্ধার করা হবে।
