ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে মানসম্মত খাবার, বিশুদ্ধ পানির সংকট ও ইন্টারনেট সমস্যা দূরীকরণসহ বেশ কয়েকটি দাবিতে আন্দোলন করেছে হলটির আবাসিক শিক্ষার্থীরা।
রোববার (৭ মে) দুপুরে হল গেটে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এতে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় তাদের হাতে বেতন-ভাতা সবই হয়, কাজের বেলায় ফান্ড নাই, হলের নিরাপত্তা নিশ্চিত করুন, ডাইনিংয়ের খাবারের মান বৃদ্ধি করুন, ওয়াইফাইয়ের স্থায়ী সমাধান চাই, হলের পরিচ্ছন্নতা নিশ্চিত করুন, প্রভৃতি লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।
এ বিষয়ে হলের একাধিক আবাসিক শিক্ষার্থী জানান, হলের ডাইনিংয়ে খাবারের মান নিয়ে অসন্তোষ দীর্ঘদিনের, টিউবওয়েল নষ্ট হয়ে আছে, বেশ কয়েকদিন ধরে হলে ওয়াইফাই নেই। বিষয়গুলো নিয়ে একাধিকবার প্রভোস্ট স্যারের সঙ্গে কথা বলেও কোনো লাভ হয়নি। তাই শিক্ষার্থীরা হল গেটে তালা দিতে বাধ্য হয়েছে।
এ প্রসঙ্গে হলের প্রভোস্ট প্রফেসর ড. আব্দুল জলিল পাঠান গণমাধ্যমকে বলেন, এ মুহূর্তে হলের ফান্ডে তেমন টাকা নেই। তবে যতদ্রুত সম্ভব ফান্ড গঠন সাপেক্ষে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে।
