প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় প্রবাসীর বিরুদ্ধে মামলা

আপডেট : ০৭ মে ২০২৩, ২০:২৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসসহ আওয়ামী লীগের একাধিক নেতার বিরুদ্ধে অশালীন মন্তব্য করায় প্রবাসীসহ ৪ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। রোববার (৭ মে) দুপুরে রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কন্তি মণ্ডল বাদী হয়ে সাইবার ট্রাইব্যুনাল আদালতে এ মামলা করেন।

আসামি হলেন রাজধানীল জিগাতলার বাসিন্দা ও কানাডা প্রবাসী মোস্তাফিজার রহমান টিটু, সবুজবাগ এলাকার বাসিন্দা ও আমেরিকা প্রবাসী নাজমুস সাকিব, আনিছ মিয়া, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ইব্রাহিম আলী। 

জানা যায়, কানাডা প্রবাসী মোস্তাফিজার রহমান টিটু, আমেরিকা প্রবাসী নাজমুস সাকিবসহ অন্যান্যরা বিভিন্ন সময়ে অনলাইনে নাগরিক টিভিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের প্রতি অশালীন মন্তব্য ও কটুক্তি করে আসছে। এতে বিদেশে বাংলাদেশের ভাবমুর্তি ক্ষুণ্ণ হচ্ছে এ অভিযোগে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করা হয়েছে। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। এছাড়া মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ একই ব্যক্তিদের নামে আরেকটি পৃথক মামলার জন্য আবেদন করেছেন। 

মামলার বাদী মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কন্তি মণ্ডল বলেন, আসামিরা দেশ ও জাতির ক্ষতি করতে বিভিন্ন প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তাই ন্যায়বিচারের আশায় মামলা করেছেন।

রংপুরের সাইবার ট্রাইব্যুনাল আদালতের এপিপি রুহুল আমিন তালুদার বলেন, বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের আদেশ দিয়েছেন।

ইত্তেফাক/এবি/পিও