অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি স্কুল ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। দখলদার ইসরায়েল বিল্ডিং পারমিট না থাকার অজুহাতে স্কুলটি ভেঙে দেয়। খবর আনাদোলু নিউজ এজেন্সির।
প্রতিবেদনে বলা হয়, স্কুলটি অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকা 'এরিয়া সি' তে অবস্থিত ছিল। ২০১৭ সালেও ইসরায়েল দখল করে স্কুলটি ভেঙে দেয়।
বেথেলহেমের উপনিবেশ ও প্রাচীর প্রতিরোধ কমিশনের প্রধান হাসান ব্রিজিয়ে জানান, ইসরায়েলি বাহিনী জিব আল-দেব শহরের একটি স্কুল ভেঙ্গে দিয়েছে। বিদ্যালয়টিতে পাঁচটি শ্রেণিকক্ষ এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে ৬৬ জন শিক্ষার্থী ছিল।
ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। ইসরায়েল ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) মধ্যে স্বাক্ষরিত ১৯৯৫ সালের অসলো চুক্তি হয়।
এই চুক্তির আওতায় পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরকে এরিয়া এ, এরিয়া বি ও এরিয়া সি-তে বিভক্ত করা হয়। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এরিয়া সি-তে পারমিট নির্মাণের অজুহাতে প্রায়ই ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দেয়।
