নকশা বহির্ভূতভাবে বাড়ি নির্মাণ করায় রাজধানীর ভাষানটেক এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় চারটি ভবনকে তিন লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অভিযানের সময় আট তলা, তিন তলা, এক তলাসহ কয়েকটি বিল্ডিংয়ের অবৈধ অংশ ভেঙে ফেলা হয় ও রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করায় অবৈধ অংশ ভেঙে ফেলে।
মঙ্গলবার (৯ মে) সকাল ১০টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে দুপুরে পর্যন্ত চলা এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা নাসরিন।
তিনি বলেন, আজকের অভিযানে তিন লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তারা যেন পরবর্তীতে অনুমোদনকৃত নকশা ব্যত্যয় করে ইমারত নির্মাণ না করে সে বিষয়ে সতর্ক করি।
অভিযানের বিষয়ে উক্ত এলাকায় বসবাসকারীদের সঙ্গে কথা বললে তারা জানান, নিয়মিতি এই অভিযান পরিচালনা করলে আর এভাবে কেউ নিয়মের বাইরে বিল্ডিং নির্মাণ করবে না।
রাজউকের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা নাসরিন।
ভ্রাম্যমাণ আদালতের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন ৩/১এর অথরাইজড অফিসার মো. হাসানুজ্জামান। এছাড়া অভিযানে ইমারত পরিদর্শ শামীম হোসেনসহ রাজউকের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
