নরসিংদীর বেলাবোতে লালন আখড়ায় হামলার নিন্দা জানিয়েছে দেশের ১৫ সাংস্কৃতিক সংগঠন। মঙ্গলবার (৯ মে) এক বিবৃতিতে এই নিন্দা জানায় সংগঠনগুলো।
বিবৃতি দেওয়া সংগঠনগুলো হলো সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ, বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ, আইটিআই বাংলাদেশ কেন্দ্র, অভিনয় শিল্পী সংঘ, বাংলাদেশ গ্রাম থিয়েটার, বাংলাদেশ শিশু সংগঠন ঐক্যজোট, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
বিবৃতিতে বলা হয়, রোববার সাধুসঙ্গে যখন গান বাজনা চলছিল, ঠিক সেসময় এলাকার চিহ্নিত মাস্তান শাহীন শেখ, জাহাঙ্গীর শেখ, শরীফ শেখসহ বেশ কয়েকজন দুষ্কৃতকারী অতর্কিত আখড়ায় হামলা চালিয়ে বাউলদের বাদ্যযন্ত্র ভাঙচুর এবং বেশ কয়েকজনকে আহত করে। এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

