মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ছেন বুসকেটস 

আপডেট : ১০ মে ২০২৩, ১৭:৪৮

বার্সেলোনার মাঝমাঠের প্রাণ ছিলেন সার্জিও বুসকেটস। ১৮ বছর মাঝমাঠ আগলে রেখেছেন তিনি। ক্লাবটি হয়ে জিতেছেন বহু ট্রফি। তবে বার্সেলোনার সঙ্গে দীর্ঘ এই যাত্রার ইতি টানলেন বুসকেটস। আগামী মৌসুমে আর কাতালান ক্লাবটিতে দেখা যাবে না তাকে। টুইটারে এক ভিডিও পোস্টে বুসকেটসের ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা।

আগামী জুনে বার্সেলোনার সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে বুসকেটসের। বেশ কিছুদিন ধরেই চুক্তির নানা বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছিল। তবে শেষ পর্যন্ত চুক্তি নবায়ন করছেন না স্প্যানিশ এই মিডফিল্ডার।

এক ভিডিও বার্তায় বুসকেটস বলেন, ‘সময় এসেছে বলার, বার্সেলোনার সঙ্গে এটাই আমার শেষ মৌসুম। এই পথচলা কখনও ভুলে যাওয়ার নয়। যখন ছোট ছিলাম, বার্সেলোনার ম্যাচ দেখতে আসতাম কিংবা টিভিতে তাদের ম্যাচ দেখতাম, তখন সবসময় স্বপ্ন দেখতাম এই জার্সিতে এবং এই মাঠে খেলার। এরই মধ্যে যে স্বপ্ন পূরণ হয়েছে আমার।’

সার্জিও বুসকেটস।

তিনি আরও বলেন, ‘এই ক্লাব আমার জীবন, আজকে আমি যা, তার সবকিছু এবং সবসময় বার্সেলোনার সমর্থক হয়ে থাকব। সদস্য, খেলোয়াড়, অধিনায়ক হয়ে আমি ৭০০-এর বেশি ম্যাচ খেলেছি, এটা সম্মানের, স্বপ্নের এবং গর্বের।’
 


    
 

ইত্তেফাক/জেডএইচ